Curacao World Cup cricfoot24বিশ্বকাপ নিশ্চিত করে উল্লসিত কুরাসাও।

এ যেন এক অবিশ্বাস্য যাত্রা! এ যেন এক ঐতিহাসিক রূপকথা!

আহা, কুরাসাও নামক ছোট্ট ভূখণ্ডের আনাচেকানাচে আজ আনন্দের হিল্লোল!
হবেই না কেন! মাত্র দেড় লাখ জনসংখ্যার দেশটি যে প্রথমবারের মতো নিশ্চিত করেছে ফিফা বিশ্বকাপ খেলা!

২০২৬ সালে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কুরাসাও। এর মধ্য দিয়ে তারা হয়ে গেল ইতিহাসের সবচেয়ে ছোট দেশ, যারা ফুটবল বিশ্বকাপে পা রাখছে।

মঙ্গলবার রাতে কিংস্টনে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে কুরাসাও নিশ্চিত করে তাদের স্বপ্নযাত্রা। শেষমুহূর্তে জ্যামাইকার একের পর এক চাপ সামলে নেয় ‘ব্লু ওয়েভ’ হিসেবে পরিচিত কুরাসাও। ম্যাচের যোগ করা সময়ে জ্যামাইকা পেনাল্টি পেলেও ভিএআর বাতিল করে দেয় সেই সিদ্ধান্ত। ফলে বেঁচে যায় কুরাসাওয়ের বিশ্বকাপ খেলার স্বপ্ন।

এ ম্যাচে অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাট পারিবারিক কারণে কুরাসাও-এর সাইডলাইনে ছিলেন না। তবে পা হড়কায়নি তার শিষ্যরা।

ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে জায়গা করে নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে কুরাসাও। এক পয়েন্ট কম নিয়ে ঠিক পরের স্থানে জ্যামাইকা।

কুরাসাও-এর আগে বিশ্বকাপে অংশগ্রহণকারী সবচেয়ে ছোট দেশের রেকর্ডে ছিল আইসল্যান্ড (২০১৮), যাদের জনসংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ।

এদিকে, ৫২ বছর পর আবারও বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে হাইতি। রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া হাইতি নিজেদের সব ম্যাচ খেলে কুরাসাওতে। নিকারাগুয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে হাইতি। হন্ডুরাস-কোস্টারিকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় গ্রুপ ‘সি’-এর শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে হাইতি। এর আগে সেই ১৯৭৪ সালে বিশ্বকাপে খেলেছিল তারা।

বিশ্বকাপের টিকিট পেয়েছে পানামাও। ঘরের মাঠে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা।

একই দিনে তিন ক্যারিবীয় দেশ বিশ্বকাপের টিকিট কাটলো। এ যেন ফুটবলে পুনরুত্থানের নতুন শুরু!