বারুদের অ্যাশেজ আবারও দুয়ারে এসে হাজির। আগামী পরশু, শুক্রবার থেকে পার্থ টেস্ট দিয়ে মাঠে গড়াবে টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরনো লড়াই।
এই টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
দলে থাকাদের পাঁচজন বেশ অভিজ্ঞ। তাদের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতাও আছে। এই পাঁচজন হলেন- বেন স্টোকস, জ্যাক ক্রলি, জো রুট মার্ক উড ও ওলি পোপ।
ইংল্যান্ড দলে পেসারদের আধিপত্যই বেশি। স্পিনার হিসেবে আছেন কেবল শোয়েব বশির। অস্ট্রেলিয়ার উইকেটে বশিরের ওপর থেকে আসা ‘রিলিজ পয়েন্ট’ আর ওভারস্পিন বেশ মানানসই বলে মনে করা হচ্ছে। গেল বছর ভারত সফরে তাঁকে দলে নেওয়ার সময় এসব দক্ষতার প্রশংসা করেছিলেন অধিনায়ক স্টোকস ও কোচ ম্যাককালাম।
তবে এবার তাকে খেলানো হবে কিনা, তা প্রশ্নসাপেক্ষ। কারণ, পার্থ হচ্ছে দ্রুতগতির উইকেটের মাঠ। এখানে পেস দিয়েই পরিকল্পনা সাজাচ্ছে ইংল্যান্ড।
পার্থ টেস্টে ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার) ও মার্ক উড।
ইংল্যান্ড পেসার মার্ক উড ও স্পিনার শোয়েবের মধ্যে কাকে খেলাবে, সিদ্ধান্ত হবে শেষমুহুর্তে। তবে উডই এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: রূপকথা লিখলো কুরাসাও, দেড় লাখ জনসংখ্যার দেশ বিশ্বকাপে!
২০২১-২২ মৌসুমের অস্ট্রেলিয়া সফরে মার্ক উড ছিলেন দারুণ ছন্দে। ২৬.৬৪ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। সেই সফরে হোবার্টে শেষ টেস্টে ৩৭ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করেন উড। গোলাপি বলের দিবারাত্রির সেই টেস্টেও কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই মাঠে নেমেছিল ইংল্যান্ড।
তবে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন পার্থে দারুণ সফল। পাঁচ টেস্টে ২০.৮৬ গড়ে ২৯ উইকেট তার। যদিও অভিজ্ঞতায় বশিরের চেয়ে অনেক এগিয়ে লায়ন।
এখন দেখার বিষয়, ইংল্যান্ড লায়নের অনুপ্রেরণায় বশিরকে একাদশে রাখে কিনা।

