দিনটা ভালো যায়নি উসমান খাজার। দিনভর অস্বস্তিতে ভুগেছেন, এরপর ব্যাটিংয়ে নিজের চেনা পজিশনে নামতে পারেননি, পরে আউট হয়ে গেছেন দ্রুতই।
অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হয়েছে আজ শুক্রবার। পার্থে ইংল্যান্ডকে ১৭২ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। পরে নিজেরা ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি, দিন শেষ করেছে ৯ উইকেটে ১২৩ রান নিয়ে।
উসমান খাজা টেস্ট ক্যারিয়ারে ১৫৩ ইনিংসের মধ্যে মাত্র দুবার ৪ নম্বরে ব্যাট করেছেন। যার সর্বশেষটি আজ। এর আগে ৪ নম্বরে তিনি ব্যাট করেন ২০১৬ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে।
মূলত ওপেনার, ওয়ানডাউন ও ৩ নম্বর পজিশনে সবচেয়ে বেশি ব্যাট করেন খাজা। অ্যাশেজে তিনি দলে আছেন ওপেনার হিসেবে।
পড়তে পারেন: দ্বিতীয় ইনিংসেও দৃঢ় ব্যাটিং, বাংলাদেশ ছুটছে বড় লক্ষ্যে
কিন্তু আজ তিনি ওপেন করতে পারেননি। এর পেছনে আছে আইসিসির নিয়ম।
আইসিসির টেস্ট প্লেয়িং কন্ডিশন ২৪.২.৩ অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি ৮ মিনিটের বেশি সময় মাঠের বাইরে থাকে, তাহলে ম্যাচের বাকি অংশে তার অংশগ্রহণে সীমাবদ্ধতাসূচক নিয়ম প্রযোজ্য হবে।
প্লেয়িং কন্ডিশন ২৪.২.৩.২ তে বলা হয়েছে, ‘আগের ইনিংস থেকে যতো পেনাল্টি সময় বাকি থাকে, তার সমান সময় অতিক্রান্ত না হওয়া পর্যন্ত ওই খেলোয়াড় ব্যাট করতে পারবেন না। তবে, তার দলের ব্যাটিং ইনিংসে পাঁচটি উইকেট পড়ে গেলে তিনি সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ে নামতে পারবেন। যদি সেই ইনিংস শেষ হলেও কোনো পেনাল্টি সময় বাকি থাকে, তবে সেটা পরের ইনিংস এবং ম্যাচের পরবর্তী ইনিংসগুলোতে বহাল থাকবে।’
উসমান খাজা আজ পার্থ টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৯তম ওভার শেষে মাঠ থেকে বের হন। তিনি ফিরে আসেন ৩২তম ওভারে। মোট ১৯ মিনিট মাঠের বাইরে ছিলেন তিনি।
অর্থাৎ, ৮ মিনিটের বেশি সময় তিনি মাঠের বাইরে থাকায় আজ ওপেনিংয়ে ব্যাট করতে নামতে পারেননি। তার পেনাল্টি সময় শেষ হওয়ার অপেক্ষা করতে হয়েছে। সে সময় শেষ হওয়ার পর ৪ নম্বরে তিনি ব্যাট করতে নামেন। তবে দুই রান করেই আউট হয়ে যান।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, মাঠে পেশির অসারতায় ভুগেছেন খাজা। এ কারণেই মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে।

