একেই সম্ভবত হিতে বিপরীত বলা হয়!
ঐতিহ্যের অ্যাশেজ সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়া। পার্থে মাত্র দুইদিনেই জিতে নেয়েছে টেস্ট। এখন কোথায় উল্লাসে মত্ত থাকবে, তা না; বরঞ্চ করতে হচ্ছে ক্ষতির অংকের হিসাবও!
পার্থ টেস্ট দুইদিনে শেষ হয়ে যাওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) অন্তত ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশ মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা ক্ষতি গুনতে হচ্ছে।
সর্বশেষ ১০৪ বছরের মধ্যে অ্যাশেজে যা ঘটেনি, সেটাই ঘটেছে পার্থ টেস্টে। ১০৪ বছর পর অ্যাশেজের কোনো টেস্ট মাত্র দুইদিনে শেষ হয়েছে।
সফরকারী ইংলিশরা দুই ইনিংসে করে ১৭২ ও ১৬৪ রান। জবাবে অজিরা প্রথম ইনিংসে ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাদের সামনে ২০৫ রানের লক্ষ্য যখন দাঁড়ায়, তখন ভয়ংকর রূপে হাজির হন ট্রাভিস হেড।
হেডের মাত্র ৬৯ বলের সেঞ্চুরিতে ২৮.২ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা এএপি জানিয়েছে, পার্থ টেস্টের প্রথম দিনে ৫১ হাজার ৫৩১ জন এবং দ্বিতীয় দিনে ৪৯ হাজার ৯৮৩ জন মিলিয়ে রেকর্ড ১ লাখ ১ হাজার ৫১৪ জন দর্শক খেলা দেখেন মাঠে বসে। যা ভেঙে দিয়েছে গত বছর পার্থে চারদিনে শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারত টেস্টের রেকর্ড, যেখানে দর্শকসংখ্যা ছিল ৯৬ হাজার ৪৬৩ জন।
এএপি বলছে, পার্থ টেস্টের তৃতীয় দিন খেলা দেখতে প্রায় ৬০ হাজার দর্শক টিকিট কেটেছিলেন। তৃতীয় ও চতুর্থ দিনের হিসাবে অস্ট্রেলিয়ার ৩ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
দলীয় সাফল্যে ভাস্বর হলেও দর্শকদের জন্য খারাপ লেগেছে ট্রাভিস হেডের। তাই কাল ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ৬০ হাজার দর্শকের জন্য কষ্ট পাচ্ছি, যারা কাল (তৃতীয় দিন) খেলা দেখার জন্য স্টেডিয়ামে আসতে চেয়েছিলেন। আশা করি পরবর্তীতে আবারও এখানে হাউজফুল দেখা যাবে।’

