গৌতম গম্ভীরের ‘স্বেচ্ছাচারিতা’ ‘স্বৈরাচারী’ মনোভাব নিয়ে আগে থেকেই সমালোচনা আছে। আর এখন তো দলের অবস্থা তথৈবচ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে খারাপ যাচ্ছে ভারতের ফর্ম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টে শোচনীয়ভাবে হেরেছে ভারত। এবার গৌহাটি টেস্টেও তাদের অবস্থা পরাজয়ের দিকেই যাচ্ছে।
সবমিলিয়ে ভারত কোচ গৌতম গম্ভীর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সাবেক ক্রিকেটার, কোচ সবাই ধুয়ে দিচ্ছেন তাকে।
দেশটির সাবেক ওপেনার ও সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন গম্ভীরকে।
কলকাতা টেস্টে খেলা বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আক্সার প্যাটেলকে কেন গৌহাটি টেস্টে রাখা হলো না, সেই প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত।
“আক্সার প্যাটেল কেন খেলছে না? সে কি ফিট না? সে সব পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্স করছিল। দলে এতো পরিবর্তন কেন? প্রতি ম্যাচেই কারো না কারো অভিষেক হচ্ছে! তারা এটাকে পরীক্ষা-নিরীক্ষা বলতে পারে।”
শ্রীকান্ত আরও বলেন, “গৌতম গম্ভীর যা খুশি বলতে পারে, আমার কিছু যায় আসে না। আমি ভারতের সাবেক অধিনায়ক ছিলাম এবং সাবেক প্রধান নির্বাচকও ছিলাম। আমি জানি, কী নিয়ে কথা বলছি।”
গৌহাটি টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া রিশভ পন্তের সমালোচনাও করেছেন শ্রীকান্ত। প্রথম ইনিংসে ৭ রান করে বড় শট খেলার চেষ্টায় আউট হন পন্ত।
“তারা বলবে, এটা তার (পন্ত) সহজাত খেলা, কিন্তু সে দলের অধিনায়ক। তা কি ম্যাচ পরিস্থিতি দেখা উচিত না?”

