ইরান জাতীয় ফুটবল দল।বিশ্বকাপে খেলবে ইরান। ছবি: গেটি

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যাচ্ছে না ইরান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠান তারা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

আজ ইরানি ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ‘ইরিনা’কে ওই মুখপাত্র বলেন, “আমরা ফিফাকে জানিয়েছি যে, আমাদের সিদ্ধান্তের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। ইরানি প্রতিনিধি দলের সদস্যরা বিশ্বকাপের ড্রতে অংশগ্রহণ করবেন না।”

আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর ড্র হবে ৫ ডিসেম্বর। এই তারিখ গেল আগস্টে জানিয়ে দিয়েছিলেন আয়োজক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিয়মানুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী দল হিসেবে ড্র’তে উপস্থিত থাকাই ইরানের জন্য স্বাভাবিক। এজন্য যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনও করেছিলেন ইরানি ফুটবলে ফেডারেশনের বেশ কয়েকজন সদস্য। তন্মধ্যে কয়েকজনের আবেদন বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

ইরানি ক্রীড়া ওয়েবসাইট ‘ভারজেশ থ্রি’ জানিয়েছে, ইরানের কোচ আমির ঘালেনোইসহ প্রতিনিধি দলের চার সদস্যকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু বেশিরভাগ সদস্যই ভিসা পাননি। এর মধ্যে আছেন ইরানি ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজও।

সবাইকে ভিসা না দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে ইরান। তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলে নিন্দাও জানিয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ বলেন, “আমরা ফিফার প্রেসিডেন্ট (জিয়ান্নি) ইনফান্তিনোকে বলেছি যে, এটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক অবস্থান। ফিফার উচিত তাদের (USA) এই আচরণ থেকে বিরত থাকতে বলা।”

প্রায় চার দশক সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইরান শত্রুভাবাপন্ন। এক দেশের সঙ্গে আরেক দেশের কূটনৈতিক সম্পর্ক সহজ ও স্বাভাবিক নয়।

ইরান গেল মার্চ মাসে বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। এবারসহ তারা সপ্তমবার বিশ্বকাপে অংশ নেবে। আগের ছয় আসরের মধ্যে একবারও তারা নকআউট পর্বে যেতে পারেনি।