বাংলাদেশ ফুটবল লিগের চলমান সিজনে হতাশায় কাটছিল ঢাকা আবাহনী। প্রথম ম্যাচে ড্র করার পরের দুই ম্যাচে হার। এরমধ্যে সর্বশেষটা আবার চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডানের বিপক্ষে।
এই হতাশার বৃত্ত থেকে অবশেষে বেরিয়ে এসেছে আকাশি-নীলরা। আজ চতুর্থ ম্যাচে এসে পেয়েছে আসরের প্রথম জয়ের দেখা।
বাংলাদেশ ফুটবল লিগে আজ পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী। আজ আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ফর্টিস এফসিও।
আবাহনীর ম্যাচ ছিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে। ম্যাচের ২৫ মিনিটে ডিবক্সে সুলেমান দিয়াবাতেকে ফাউল করে প্রতিপক্ষ। পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করেননি সুলেমান।
৪৩ মিনিটে শেখ মোরসালিনের ফ্রি কিক থেকে আসা বল দারুণ ভলিতে জালে জড়ান এনামুল ইসলাম গাজী। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি।
ম্যাচের একেবারে অন্তিম মুহুর্তে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর আলমগীর মোল্লা।
লিগে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আবাহনী এখন ষষ্ঠ স্থানে। এক পয়েন্ট বেশি নিয়ে পুলিশ এফসি পাঁচে।
এদিকে, মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে পাওয়া একমাত্র গোলে জয় পেয়েছে ফর্টিস এফসি।
ম্যাচের ১৬ মিনিটে ওমর বাবুর ফ্রি কিকে জটলার মধ্য থেকে পা ছুঁইয়ে দলকে উচ্ছ্বাসে ভাসান রিয়াজ উদ্দিন সাগর। ম্যাচের ৭৪ মিনিটে আরামবাগের শহীদুল ইসলামের মুখে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লালকার্ড দেখেন ফর্টিসের আতিকুর রহমান ফাহাদ। তবে বাকি সময়ে সুবিধা করতে পারেনি আরামবাগ।
লিগে ৭ পয়েন্ট নিয়ে ফর্টিস এফসি আছে তিনে। আরামবাগ ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে নয়ে।
আগামীকাল লিগে শীর্ষস্থান দখলের লড়াইয়ে রহমতগঞ্জের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। দুই দলই যৌথভাবে রয়েছে শীর্ষে।

