সমীকরণটা কঠিন। জিততেই হবে! এর বাইরে আর কোনো ফলে কাজ হবে না।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে খেলতে বাংলাদেশের সামনে এখন এরকমই কঠিন সমীকরণ। অঘোষিত ফাইনালে আগামী পরশু, রোববার চীনকে হারাতেই হবে লাল-সবুজের প্রতিনিধিদের।
চীনের তনজিলাং স্টেডিয়ামে হবে সেই ‘ফাইনাল’। যেখানে চীন যদি ড্রও করে, তাহলে তারা ওঠে যাবে মূলপর্বে। কিন্তু বাংলাদেশকে জিততেই হবে। ড্র বা হার হলেই মূলপর্বে খেলার সুযোগ শেষ হয়ে যাবে।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্ব বসবে সৌদি আরবে, আগামী বছরের মে মাসে। এখন চলছে বাছাইপর্ব।
বাছাইয়ে বাংলাদেশ দারুণ ফর্মে আছে। প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে ৮-০ গোলে, তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ।
আজ চতুর্থ ম্যাচে বাহরাইনকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে এখন অবধি সব ঠিকঠাকই চলছে।
তবে সামনে কঠিন পরীক্ষার নাম চীন। বাংলাদেশের সঙ্গে তারা ১২ পয়েন্ট নিয়ে যৌথভাবে গ্রুপে শীর্ষে। ফলে তাদের বিপক্ষে ম্যাচটাই হয়ে ওঠেছে ফাইনাল। গোল গড়ে এগিয়ে থাকায় তারা যদি ড্র করে, তবে মূলপর্বে ওঠে যাবে।

