জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো আর্জেন্টিনা। প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে এবারও সহজেই হারালো তারা।
তবে ফুটবলে নয়, ক্রিকেটে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্রাজিল দল এখন আর্জেন্টিনায়। সেখানে প্রথম ম্যাচে নেইমারের দেশকে সহজেই হারিয়েছে মেসির দেশ। ৮ উইকেটের জয় তাদের।
বুয়েন্স আয়ার্সে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে থেমে যায় ব্রাজিল। সর্বোচ্চ ৫১ রান করেন লুইস মোরাইস। ওপেনার রেজাউল করিম করেন ১৭ রান। বাকি ৯ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
আর্জেন্টিনার বোলার লুকাস রসি ৩ উইকেট নেন ৮ রান দিয়ে। অগাস্টিন রিভেরো ২ উইকেট নেন।
জবাবে ১৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা। পেদ্রো ব্যারন ৪২ বলে ৭টি চার ও ১টি ছয়ে করেন ৫৩ রান। আলেহান্দ্রো ফার্গুসন করেন ২৩ রান। ওপেনিং জুটিতেই ওঠে ৭৪ রান।
এর আগে ২০১৯ ও ২০২৪ সালে দুইবার মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। উভয় ম্যাচেই জয় তুলে নিয়েছিল ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

