লিভারপুল কোচ আর্নে স্লট বেশ চাপে আছেন ক্লাবের পারফরম্যান্স নিয়ে।লিভারপুলে চাপের মুখে আর্নে স্লট। ছবি: গেটি ইমেজেস

লিভারপুলের কোচ হিসেবে আর্নে স্লট হয়তো এখন বুঝতে পারছেন, অ্যানফিল্ডের দর্শক কেবল জয় চায় না, তারা চায় এনার্জি এবং আগ্রাসী ফুটবল। চেলসির বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করার পর লিভারপুল সমর্থকদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ম্যাচ শেষে গ্যালারি থেকে আসা জোরালো ‘বু’ বা দুয়োর মাধ্যমে।

ম্যাচ না হারলেও দলের খেলার ধরনে সমর্থকদের এই অসন্তুষ্টি এখন স্পষ্ট।

হারিয়ে যাওয়া ‘আইডেন্টিটি’ ও তীব্রতা

ইউর্গেন ক্লপের জমানায় লিভারপুলের পরিচয় ছিল ‘তীব্রতা’ (Intensity)। কিন্তু স্লটের অধীনে এই মৌসুমে সেই চেনা ধার হারিয়েছে অলরেডরা

চেলসির বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও আধিপত্য ধরে রাখতে পারেনি তারা। ফলে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে ব্লুজরা।

এই মৌসুমে ঘরের মাঠে এগিয়ে থেকেও ৯ পয়েন্ট হারিয়েছে লিভারপুল, যা ২০১৫-১৬ মৌসুমের পর তাদের সবচেয়ে বাজে পরিসংখ্যান।

স্লট ম্যাচ শেষে সমর্থকদের প্রতিক্রিয়া নিয়ে বলেন, “লোকেরা হতাশ হলে সেটা বোঝা যায়। আমি তাদের অন্য কিছু দেখাতে চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা পারছি না।”

তিনি বলেন, “আমি নিশ্চিত দলের সবাই আরও ভালো পারফর্ম করতে চায়।”

আরও পড়ুন:
লিভারপুলে ভাঙনের সুর: সালাহ-অ্যালিসনের পর এবার কার্টিস জোন্স!

রুনি ও গ্রাভেনবার্কের মন্তব্য

ম্যাচ অফ দ্য ডে-তে ওয়েইন রুনি বলেন, “লিভারপুল শুরুটা ভালো করেছিল, কিন্তু এরপর চেলসিই ভালো খেলেছে। সমর্থকদের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে, যা সচরাচর অ্যানফিল্ডে দেখা যায় না।”

এর পেছনের কারণ নিয়ে রুনি বলেন, “অনেক টাকা খরচ করার পরও প্রত্যাশিত ফল না পাওয়াই এর কারণ।”

মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্ক সমর্থকদের এই দুয়ো দেওয়ার ঘটনায় কিছুটা অবাক। তিনি সবার সমর্থন চান।

তিনি বলেন, “সত্যি বলতে, আমাদের তাঁদের সমর্থন প্রয়োজন। আমরা জিতিনি ঠিকই, তবে এমন প্রতিক্রিয়া আমাদের প্রাপ্য ছিল না।”

১৭ বছরের এনগুমোহাকে তোলা নিয়ে বিতর্ক

ম্যাচের ৬৭ মিনিটে ১৭ বছর বয়সী তরুণ প্রতিভা রিও এনগুমোহাকে মাঠ থেকে তুলে নেওয়ায় গ্যালারিতে অসন্তোষ আরও বাড়ে। কারণ তিনিই ছিলেন ম্যাচের সবচেয়ে বড় হুমকি।

এ বিষয়ে স্লট ব্যাখ্যা দেন যে, এনগুমোহার পায়ে ক্র্যাম্প (টান) ছিল বলেই তাকে বাধ্য হয়ে তুলে নিতে হয়েছে।

কিন্তু তাঁর পরিবর্তে নামা ফেদেরিকো কিয়েসাও ম্যাচে কোনোও প্রভাব ফেলতে পারেননি।

আগামী মৌসুমের জন্য স্লটের আশ্বাস

সমালোচনার মুখেও স্লট নিজের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী। তিনি জানান, গ্রীষ্মকালীন দলবদলে প্রত্যাশিত খেলোয়াড় দলে নিতে পারলে আগামী মৌসুমে এক ‘ভিন্ন লিভারপুল’ দেখা যাবে।

স্লটের ভাষায়, “আমি ১০০ শতাংশ নিশ্চিত যে পরের মৌসুমে আমরা অন্য এক দল হব।”

আরও পড়ুন:
বিধ্বস্ত লিভারপুলে কাঠগড়ায় স্লট: আরেক ব্যালন ডি’অরের কাছে দেম্বেলে