দীর্ঘ অপেক্ষার অবসান। টানা ছয় বছর এবং চারটি সেমিফাইনালে হারের তিক্ত স্মৃতি পেছনে ফেলে বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে পা রাখল আর্সেনাল। মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে ২-৪ এগ্রিগেটে পরাজিত করে কারাবাও কাপের ফাইনাল নিশ্চিত করেছে মিকেল আর্তেতার শিষ্যরা। ২০২০ সালের এফএ কাপ জয়ের পর এটিই আর্ত্রেতার অধীনে গানার্সদের প্রথম বড় ফাইনাল—যা ক্লাবটির ইতিহাসে এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।
ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। রক্ষণাত্মক কৌশলের এই লড়াইয়ে দুই দলই গোলমুখে মাত্র দুটি করে শট নিতে সক্ষম হয়। তবে ইনজুরি টাইমে কাই হাভার্টজের দুর্দান্ত গোলটি এমিরেটসের গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে দেয় এবং ওয়েম্বলির টিকিট নিশ্চিত করে। আগামী ২২ মার্চ ফাইনালে গানার্সদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসল।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত আর্তেতা বলেন, “স্টেডিয়ামের পরিবেশ ছিল জাদুকরী। এই মুহূর্তটির জন্য আমরা কয়েক বছর অপেক্ষা করেছি। প্রতি তিন দিন অন্তর ম্যাচ খেলার ধকল সামলাতে এই জয়টি আমাদের শরীরে ভিটামিনের মতো কাজ করবে।”
‘নিয়ারলি-মেন’ তকমা ঘোচানোর চ্যালেঞ্জ
গত কয়েক মৌসুম ধরে প্রিমিয়ার লিগ ও কাপ প্রতিযোগিতায় খুব কাছে গিয়েও ট্রফি ছুঁতে না পারায় আর্সেনালকে অনেকেই ‘নিয়ারলি-মেন’ বা ‘অল্পের জন্য না পারা দল’ বলে কটাক্ষ করতেন। তবে এবার চিত্রটা ভিন্ন।
প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটির মিডফিল্ডার ডিক্লান রাইস সাফ জানিয়ে দিলেন, “গত ৩-৪ বছর আমরা খুব কাছ থেকে ট্রফি হারিয়েছি। এবার আমাদের পেটে ক্ষিধে বেশি, প্রতিটি প্রতিযোগিতায় আমরা এক ধাপ এগিয়ে যেতে চাই।”
সাবেক আর্সেনাল ডিফেন্ডার ম্যাট আপসন বিবিসি রেডিও ৫-কে বলেন, “আর্তেতা ধাপে ধাপে এই ভিত্তিটি তৈরি করেছেন। একটি বড় ট্রফি জয় গানার্সদের প্রিমিয়ার লিগের লড়াইয়ে বিশাল মানসিক শক্তি যোগাবে।”
স্বপ্ন এখন ‘কোয়াড্রুপল’ বা চতুর্মুকুটের!
মার্চে লিগ কাপের ফাইনাল জেতার সুযোগ যেমন আছে, তেমনি প্রিমিয়ার লিগেও ৬ পয়েন্টে এগিয়ে গানার্সরা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সবকটি ম্যাচ জিতে শেষ ১৬-তে জায়গা করে নেওয়া এবং এফএ কাপে উইগানের মুখোমুখি হতে যাওয়া আর্সেনাল ভক্তরা এখন ‘কোয়াড্রুপল’ বা চার ট্রফি জয়ের স্বপ্ন দেখতেই পারেন।
ইংলিশ ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল এক মৌসুমে চার ট্রফি (লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও লিগ কাপ) জিততে পারেনি। ২০০৩-০৪ সালের সেই কিংবদন্তি ‘ইনভিন্সিবল’ আর্সেনালও ৩ ফেব্রুয়ারি কাপ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। কিন্তু ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি এসে আর্ত্রেতার দল এখনো সবকটি প্রতিযোগিতায় টিকে আছে।
আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা আত্মবিশ্বাসের সাথে বলেন, “আমাদের সেই স্কোয়াড আছে, সেই কোচ আছে। আমরা প্রতিটি প্রতিযোগিতা জিততে চাই।”
গানার্স ভক্তদের প্রশ্ন এখন একটাই—ওয়েম্বলিতে কি শুরু হবে এক নতুন সোনালী অধ্যায়?

