এমন নয় যে রবীচন্দ্রন অশ্বিন পারফর্ম করতে পারছিলেন না। কিন্তু তারপরও তিনি হুট করেই অবসরে যান। কেন? কেউ কি তাকে চাপ প্রয়োগ করেছিল অবসর নিতে?
না, কোনো চাপ নয়। অশ্বিন খোলাসা করলেন, ১৩ বছর আগের এক প্রতিজ্ঞার কারণেই অবসর নিয়েছেন তিনি।
ভারতের সাবেক স্পিনার অশ্বিন এখন নিয়মিত নিজের ইউটিউব চ্যানেলে হাজির হন। কথা বলেন বিভিন্ন প্রসঙ্গে।
সেখানেই অশ্বিন বলেন, “২০১২ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে হারের পর প্রতিজ্ঞা করেছিলাম, এরপর আবার যে দিন দেশের মাটিতে টেস্ট সিরিজ় হারবো, তার পরেই অবসর নেব। তো, গেল বছর নিউজ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের পরেই ঠিক করে নিই, এবার সময় হয়েছে (অবসরের)। তাই ঘরে বসে আছি (অবসর নিয়েছি)। ওই হার মন ভেঙে দিয়েছিল।”
অশ্বিন জানান, তার অবসরের সিদ্ধান্ত শুনে সকলেই অবাক হয়েছিলেন। অনেকে তো তাকে আবারও ভাবতে অনুরোধ করেছিলেন।
ভারতের সাবেক স্পিনারের ভাষ্য, “আমাকে কেউ চলে যেতে বলেনি। উল্টে অনেকেই বলেছিল, ভেবে দেখতে। ওরা চেয়েছিল আমি আরও খেলি। রোহিত আমাকে ভাবতে বলেছিল। গৌতি (গম্ভীর) ভাই বলেছিল। তবে আগারকারের সঙ্গে এই বিষয়ে আমি খুব একটা কথা বলিনি।”

