অ্যাশেজের ঐতিহ্যের লড়াই শুরু হয় পার্থ টেস্ট দিয়ে। সেই টেস্টে ছিলেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজলউড। তবে স্টিভ স্মিথের নেতৃত্বে ইংল্যান্ডকে গুড়িয়ে দেয় অজিরা।
এবার সামনে ব্রিসবেন টেস্ট। তবে এই টেস্টেও ফেরা হলো না অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের। আজ অ্যাশেজে দ্বিতীয় টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
পার্থ টেস্টের স্কোয়াড থেকে ব্রিসবেনে কোনো পরিবর্তন আনা হয়নি। এই টেস্টেও দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দিবারাত্রির ম্যাচটি হবে গোলাপী বলে।
কামিন্স এখনো পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তবে অনুশীলনে সময় বাড়াচ্ছেন তিনি।
অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটে পার্থ টেস্টে দলে ছিলেন না হ্যাজলউড। চোট না সারায় তিনি ব্রিসবেনেও নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্যাট কামিন্স এখন দলের সঙ্গে ব্রিসবেনে আছেন। সেখানে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথকে এক ঘণ্টা বোলিংও করেছেন তিনি। ৩২ বছর বয়সী এই পেসার ব্রিসবেনে অনুশীলন চালিয়ে যাবেন।
তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর, অ্যাডিলেড ওভালে। সেই টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন কামিন্স। দেখা যেতে পারে হ্যাজলউডকেও।
অস্ট্রেলিয়া স্কোয়াড
উসমান খাজা, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট, বো ওয়েবস্টার, মাইকেল নেসার, জশ ইংলিস।
