অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে অপ্রত্যাশিত এক সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনির ঐতিহ্যবাহী এসসিজিতে এবার কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। ১৩৮ বছরের ইতিহাসে এই প্রথম এমন দৃশ্য দেখল অস্ট্রেলিয়ান ক্রিকেট।
টেস্টের আগেই ইঙ্গিত মিলেছিল পরিবর্তনের। তবে শেষ পর্যন্ত টড মারফিকে বাইরে রেখে একাদশ চূড়ান্ত করেছে দলটি। আজ টসের সময় বিষয়টি নিশ্চিত করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ।
স্মিথ জানান, স্পিনার মারফির বদলে খেলানো হয়েছে দুই অলরাউন্ডার বো ওয়েবস্টার ও ক্যামেরন গ্রিনকে। ফলে ১৮৮৮ সালের পর এই প্রথম এসসিজিতে অস্ট্রেলিয়ার একাদশে কোনো ফ্রন্টলাইন স্পিনার নেই।
ঝাই রিচার্ডসনের জায়গায় দলে ঢুকেছেন বো ওয়েবস্টার। তাসমানিয়ার এই ক্রিকেটার পেস ও স্পিন—দুটোই করতে পারেন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে তাকে স্পিন করানোর কথাও ভাবছে টিম ম্যানেজমেন্ট।
এই সিদ্ধান্তের ব্যাখ্যায় স্মিথ বলেন, “বিশেষজ্ঞ স্পিনার বাদ দেওয়া খুব সহজ সিদ্ধান্ত ছিল না। তবে পিচ আর কন্ডিশন আমাদের এমন পথেই নিয়ে গেছে।”
এসসিজির বদলে যাওয়া চরিত্র নিয়েও কথা বলেন তিনি। স্মিথের ভাষায়, “আমি পুরোনো দিনের এসসিজিকে ভালোবাসি। প্রথম দুই দিন ফ্ল্যাট উইকেট, এরপর পায়ের দাগ, ফাটল, রিভার্স সুইং, শেষ দিকে স্পিন—সব মিলিয়ে ব্যাটিং কঠিন হয়ে উঠত। কিন্তু এখন আর তেমনটা দেখা যায় না।”
নাথান লায়নের প্রসঙ্গ টেনে অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, “দুর্ভাগ্যজনকভাবে অস্ট্রেলিয়ায় এসসিজি লায়নের জন্য সবচেয়ে কঠিন মাঠগুলোর একটি। এসব দিক মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়েছে।”
আরও পড়ুন:
আর্জেন্টিনা: মাঠে চ্যাম্পিয়ন, অন্দরে কেলেঙ্কারি!
অন্যদিকে ইংল্যান্ড দলে এই টেস্ট দিয়ে অ্যাশেজ অভিষেক হয়েছে ম্যাথিউ পটসের। এটি তার ক্যারিয়ারের ১১তম টেস্ট হলেও, অ্যাশেজে খেলছেন প্রথমবার। ইনজুরিতে জফরা আর্চার, মার্ক উড ও গাস অ্যাটকিনসন ছিটকে যাওয়ায় পেস আক্রমণে বড় ভরসা পটসই।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। এই ম্যাচে স্পিনার শোয়েব বশিরকে না খেলিয়ে স্পিনিং অলরাউন্ডার উইল জ্যাকসকে দলে রেখেছে সফরকারীরা।

