বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান সফরের জন্য ১৭ সদস্যের টি–টোয়েন্টি দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। লাহোরে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের সিরিজে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন বিগ ব্যাশ লিগে নজরকাড়া পারফরম্যান্স করা কয়েকজন তরুণ ক্রিকেটার।
দলের নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। তবে ইনজুরির কারণে এই সফরে থাকছেন না প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও টিম ডেভিড। নির্বাচকরা জানিয়েছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই তিন তারকাকে পুরোপুরি ফিট হওয়ার বাড়তি সময় দেওয়া হয়েছে।
চলতি বিগ ব্যাশে পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন পার্থ স্কর্চার্সের তরুণ গতিতারকা মাহলি বিয়ার্ডম্যান ও সিডনি সিক্সার্সের জ্যাক এডওয়ার্ডস। দুজনেরই এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি, তবে এর আগে ভারতের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলে ছিলেন তারা।
২০ বছর বয়সী বিয়ার্ডম্যান তার প্রথম পূর্ণ বিগ ব্যাশ মৌসুমেই আটটি উইকেট নিয়ে স্কর্চার্সের শীর্ষে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে এডওয়ার্ডস চলতি আসরে সিক্সার্সের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি—১৫ উইকেট নিয়েছেন গড়ে ১৮.৩৩ রান খরচ করে।
ব্রিসবেন হিটের ব্যাটসম্যান ম্যাথিউ রেনশোও পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি অভিষেকের দৌড়ে আছেন। সাম্প্রতিক দুই বিগ ব্যাশ মৌসুমে ৬০৪ রান করেছেন তিনি, গড় ৩৫.৫৩।
গত অক্টোবরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হলেও সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এই দলে জায়গা করে দিয়েছে।
বিশ্বকাপ ভাবনায় বিশ্রাম তারকাদের
কামিন্স, হ্যাজেলউড ও টিম ডেভিড সরাসরি শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন। একই পথে হাঁটবেন নাথান এলিস ও গ্লেন ম্যাক্সওয়েলও, যাতে তাদের কাজের চাপ নিয়ন্ত্রণে রাখা যায়।
ফলে পাকিস্তান সফরে বিশ্বকাপের মূল স্কোয়াডের একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকছেন জেভিয়ার বার্টলেট। তার সঙ্গে সুযোগ পাচ্ছেন বেঞ্চ শক্তি হিসেবে বেন ডোয়ারশুইস ও শন অ্যাবট।
নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, “এই সিরিজটা বিশ্বকাপের ঠিক আগে তরুণ এবং সম্ভাবনাময় ক্রিকেটারদের আন্তর্জাতিক পরিবেশে অভিজ্ঞতা নেওয়ার বড় সুযোগ। মাহলি বিয়ার্ডম্যান আগেও আমাদের দলের সঙ্গে ছিল, আর জ্যাক এডওয়ার্ডসকে আমরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।”
পাকিস্তানের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। প্রথমটি ২৯ জানুয়ারি, দ্বিতীয়টি ৩১ জানুয়ারি। ঠিক পরদিন তৃতীয় ও শেষ ম্যাচটি হবে।
পাকিস্তান সফরের জন্য অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মিচ ওউয়েন, জশ ফিলিপে, ম্যাথিউ রেনশো, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

