বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। হাভিয়ের কাবরেরার উত্তরসূরি হিসেবে কে আসছেন ডাগআউটে, তা জানতে অপেক্ষার প্রহর ফুরিয়ে আসছে।
সোমবার (৪ মে) ফর্টিসে অনুষ্ঠিত জাতীয় দল কমিটির এক গুরুত্বপূর্ণ সভা শেষে জানানো হয়েছে, প্রাথমিক ২২ জনের তালিকা কাটছাঁট করে এখন ১০ জনে নামিয়ে আনা হয়েছে। আগামী তিন দিনের মধ্যেই নতুন কোচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় বাফুফে।
সংক্ষিপ্ত তালিকায় ব্রাজিল-জার্মানির কোচ
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সভা শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলেন।
তিনি জানান, “বিশেষ কমিটি একটি তালিকা দিয়েছিল। সেই তালিকা আজকের সভায় আরও সংক্ষিপ্ত হয়েছে। ১০ জনের তালিকা থেকে আগামী তিন দিনের মধ্যে কোচের বিষয়টি চূড়ান্ত হবে।”
আরও পড়ুন:
হামজাদের কোচের তালিকায় ২২ জন, আছেন ব্রাজিল-আর্জেন্টিনার কোচও
সূত্রমতে, এই অতি সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ব্রাজিল ও জার্মানির হাইপ্রোফাইল কোচদের নাম। আগামী কয়েক দিন এই কোচদের অনলাইনে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। সেখানে বেতন, সুযোগ-সুবিধা এবং অন্যান্য কারিগরি দিক নিয়ে দুই পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলবে।
যদিও তিন দিনের লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে, তবে প্রক্রিয়াটি মে মাসের মাঝামাঝি পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগে হেড কোচ, পরে সহকারী ও গোলরক্ষক কোচ
প্রধান কোচের পাশাপাশি গোলরক্ষক কোচের জন্যও ১০ জনের একটি তালিকা চূড়ান্ত করেছে বাফুফে। তবে বাফুফে এক্ষেত্রে হেড কোচের পছন্দকে সর্বোচ্চ প্রাধান্য দিতে চায়।
আমিরুল ইসলাম বাবু বলেন, “হেড কোচ যিনি হবেন তাঁর কাছে গোলরক্ষক বা ফিটনেস কোচ ভালো থাকলে সেটা নিয়েও আলোচনা হতে পারে। তাই আমরা আগে হেড কোচ নিয়েই সিদ্ধান্ত নিতে চাই।”
সামনে দুই বড় মিশন
আগামী ৫ জুন সান মারিনোতে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অন্যদিকে একই সময়ে মালদ্বীপে অনুষ্ঠিত হবে চার জাতির টুর্নামেন্ট। বাফুফের প্রাথমিক পরিকল্পনা অ-২৩ দল পাঠানোর থাকলেও মালদ্বীপের অনুরোধে সেখানেও জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
তবে ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি থাকবে মূলত সান মারিনো ম্যাচেই, যেখানে হামজা চৌধুরী ও শামিত সোমদের খেলার সম্ভাবনা রয়েছে। নতুন কোচকে এই দুটি সফরের আগেই ডাগআউটে দেখতে চায় বাফুফে।
কাবরেরাহীন নতুন যুগের শুরু
দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করা স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সাথে বাফুফের চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নতুন করে তিনি আবেদন না করায় আগামী জুন উইন্ডোর ম্যাচগুলোতে সম্পূর্ণ নতুন একজন কোচের অধীনে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাছাই প্রক্রিয়ায় প্রো-লাইসেন্স এবং জাতীয় দলে কাজের অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাফুফে।
আরও পড়ুন:
হামজা-শামিতদের কোচ হতে ২০০ আবেদন! বাছাইয়ে বাফুফের কমিটি

