ঢাকা আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নতুন বছরের শুরুটা জয়ে রাঙিয়েছে আবাহনী লিমিটেড। গেল বছরের শেষ ভাগের হতাশা ঝেড়ে কুমিল্লায় তারা পেয়েছে স্বস্তির জয়। তবে একই দিনে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ছয় গোলের নাটকীয় ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। জয়ের পথে থেকেও শেষ পর্যন্ত এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

ম্যাচের শুরুতেই দাপট দেখায় কিংস। ২৩ মিনিটে সাদউদ্দিনের গোলে লিড নেওয়ার পর ছয় মিনিটের ব্যবধানে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো করেন জোড়া গোল। ২৯ মিনিটেই ম্যাচ একপেশে হয়ে যায় বলে মনে হচ্ছিল।

কিন্তু শেষ দিকে পুরো চিত্রটাই বদলে দেয় ফকিরেরপুল। ৭৭ মিনিটে জাহিদ হোসেন ব্যবধান কমান। ৮৪ মিনিটে ইরফান হোসেন গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান। যোগ করা সময়ে বেন ইব্রাহিমের গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে ফকিরেরপুল।

অন্যদিকে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে একেবারেই ভিন্ন চিত্র। আরামবাগ ক্রীড়া সংঘকে কোনো সুযোগ না দিয়ে ৩-০ গোলের দাপুটে জয় পায় আবাহনী।

নবম মিনিটে সুলেমানে দিয়াবাতে আবাহনীকে এগিয়ে নেন। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো মাতোস। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন দিয়াবাতে, নিশ্চিত করেন বড় জয়।

দিনের আরেক ম্যাচে প্রত্যাশিত শুরু পেয়েছে ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডাব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধের শেষ দিকে পা ওমার বাবু এবং যোগ করা সময়ে ওকাফোর গোল করেন।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ষোড়শ মিনিটে পেনাল্টি থেকে সলোমন কিং রহমতগঞ্জকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে পাউলো হেনরিক সমতায় ফেরান পুলিশকে।

১৭ মিনিটে লাল কার্ড দেখে আমিরুল ইসলাম মাঠ ছাড়লেও ১০ জনের দল নিয়ে এক ঘণ্টার বেশি সময় লড়ে ড্র আদায় করে নেয় পুলিশ এফসি।

লিগের প্রথম পর্ব শেষে বসুন্ধরা কিংস ও ফর্টিসের পয়েন্ট সমান ১৮। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে কিংস, দ্বিতীয় স্থানে ফর্টিস। ১৫ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ তৃতীয়, ১৪ পয়েন্ট নিয়ে পুলিশ চতুর্থ স্থানে আছে। আবাহনী ১৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচ নম্বরে।