অল্পতে পার পেলেন না লুইস দিয়াজ। বায়ার্ন মিউনিখের উইঙ্গারকে পেতে হলো বড় শাস্তি। যে ম্যাচে দুই গোল করে দলকে জিতিয়েছিলেন, সে ম্যাচে কঠোর ফাউল করে এবার তিন ম্যাচে নিষিদ্ধ হলেন তিনি।
ঘটনা গেল ৫ নভেম্বরের। সেদিন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ। ম্যাচে প্রথমার্ধেই দুটি গোল করেন বায়ার্নের লুইস দিয়াজ।
অঘটনও ঘটে প্রথমার্ধে! যোগ করা সময়ে পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমিকে কড়া ফাউল করে বসেন দিয়াজ। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
সে ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল বায়ার্ন। তবে শাস্তি পেতেই হলো দিয়াজকে।
বায়ার্ন মিউনিখ কোচ ভেসোঁ কম্পানি আশা করেছিলেন, দিয়াজ হয়তো এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।
কিন্তু না, দুর্দান্ত ফর্মে থাকা এই উইঙ্গারকে নিষিদ্ধ করা হয়েছে তিন ম্যাচের জন্য।
ফলে আগামী বুধবার আর্সেনালের বিপক্ষে ম্যাচ তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগে পরের দুটি ম্যাচেও দিয়াজকে পাবে না বায়ার্ন।
বুন্দেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে বায়ার্ন অসাধারণ শুরু করেছে। লিগে ১০ ম্যাচে ৯টিতে জয় ও ১টিতে ড্র নিয়ে তারা শীর্ষে । চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচের সবকটিতেই জিতেছে। সবমিলিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়ে তারা মৌসুম শুরু করেছে।

