ভারতের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক হারে টালমাটাল দেশটির ক্রীড়াঙ্গন।
জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক দল, ক্রিকেট কিংবা ফুটবল সবখানেই একের পর এক পরাজয় বরণ করতে হচ্ছে ভারতকে। এ যেন ‘শনির দশা’ পেয়েছে তাদেরকে!
গেল ৬ দিনে ক্রিকেট-ফুটবল মিলিয়ে ৪টি ম্যাচে হেরেছে ভারত। এর মধ্যে দুবার তারা হেরেছে বাংলাদেশের বিপক্ষে।
ভারত নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে। এর মধ্যেই প্রথম টেস্ট হয়ে গেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। এবং ভারত সেই ম্যাচে তিনদিনের মধ্যে হেরেছে!
নিজেদের পছন্দমতো উইকেট বানিয়েও টেম্বা বাভুমার দলকে আটকাতে ব্যর্থ হয় শুভমান গিলের দল।
লাল বলের ক্রিকেটে ভারত ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে ঘরের মাঠে। গেল ১৩ মাসে মাত্র দুটি টেস্টে তারা জিতেছে। সর্বশেষ এমন নজির দেখা গিয়েছিল ১৯৬৯-৭২ মৌসুমে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়ের দিনই কাতারে চলমান রাইজিং স্টারস এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের কাছে হেরে বসে ভারত ‘এ’ দল। রীতিমতো দাপুটে ক্রিকেট খেলে পাকিস্তান ‘এ’ দল ৮ উইকেটের জয় তুলে নেয়।
ফুটবলে বাংলাদেশের কাছে ভারত সর্বশেষ ২০০৩ সালে হেরেছিল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। এর ২২ বছর পর এবার বাংলাদেশের কাছে তারা হেরেছে এশিয়ান কাপের বাছাইয়ে। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে শেখ মোরছালিনের গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের বাহিন।
সর্বশেষ কাল শুক্রবার রাতে বাংলাদেশের কাছে রাইজিং স্টারস এশিয়া কাপে হার মেনেছে ভারত।
নাটকীয় ম্যাচে সুপার ওভারে জয় তুলে নে আকবর আলী বাহিন।

