আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বহু প্রতীক্ষিত নির্বাচন। শুক্রবার ছিল নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন। তিন ক্যাটাগরি মিলিয়ে মোট ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়েছে ৩৩টি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি থাকলেও, ভোটের আগেই চারজন প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে।
জেলা-বিভাগ ও বিভিন্ন সংস্থার ক্যাটাগরি থেকে এই চারজন ক্রীড়া সংগঠক বিসিবির লাল গালিচায় পা রাখছেন।
তবে শনিবার নির্বাচন কমিশনের চূড়ান্ত যাচাই-বাছাইয়ে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হতে হবে।
তা হলেই কেবল আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। মূলত নির্দিষ্ট কিছু বিভাগ ও সংস্থা থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় এই চারজন কোনো লড়াই ছাড়াই সরাসরি পর্ষদে চলে আসছেন।
তিন বিভাগ ও এক সংস্থা থেকে যারা আসছেন
বিসিবির ১ নম্বর ক্যাটাগরি অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হন।
এর মধ্যে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে এবার একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রাজশাহী বিভাগ থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম (সীমান্ত), রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আহমেদ (আমিন) এবং সিলেট বিভাগ থেকে বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন:
বিসিবি নির্বাচনে ১৮৪ ভোটারের তালিকায় যারা আছেন, যারা নেই
এছাড়া ৩ নম্বর ক্যাটাগরি অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরি থেকেও একজন পরিচালক নির্বাচিত হন।
এই বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একমাত্র বৈধ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফলে যাচাই-বাছাইতে কোনো বড় জটিলতা না হলে এই চারজনের বোর্ড রুমে বসা স্রেফ সময়ের ব্যাপার।
ভোটযুদ্ধের আভাস যেখানে
রিটার্নিং কর্মকর্তা তাহেরুল হক চৌহান জানান, ১ নম্বর ক্যাটাগরিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ৩টি করে এবং বরিশাল বিভাগ থেকে ২টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এই বিভাগগুলোতে একাধিক প্রার্থী থাকায় এখানে নির্বাচন হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ২ নম্বর ক্যাটাগরি অর্থাৎ ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, যার মধ্যে বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালও রয়েছেন।
আগামীকাল শনিবার (২৩ মে) যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
বিসিবি নির্বাচনের তফসিল: ভোট ৭ জুন, ২৩ পরিচালক পদে লড়াই

