কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের পর ট্রফি হাতে মেহেদী হাসান মিরাজ ও বাংলাদেশ দল।ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার বিষয়ে আপাত স্বস্তি টাইগার শিবিরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দাপুটে জয়ে শুধু ট্রফিই ঘরে তোলেনি বাংলাদেশ, বরং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার পথে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা তিনটি সিরিজ জয় (ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ড) বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলে এখন স্বস্তির জায়গায় বসিয়েছে।

র‍্যাঙ্কিংয়ের জটিল সমীকরণ

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। বাকি দলগুলোর মধ্যে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে।

যেহেতু দক্ষিণ আফ্রিকা বর্তমানে ৫ নম্বরে আছে এবং তাদের শীর্ষ আটে থাকা প্রায় নিশ্চিত, তাই র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারানোর পর বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৮৩।

১০ নম্বরে থাকা নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৭। এই ৬ পয়েন্টের ব্যবধান বাংলাদেশকে সরাসরি বাছাইপর্বের চিন্তা থেকে আপাতত মুক্তি দিচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশের সামনে বিশ্বকাপে কোয়ালিফাই করার নতুন চ্যালেঞ্জ

মিরাজের লক্ষ্য আরও ওপরে

কয়েক মাস আগেও বাংলাদেশের র‍্যাঙ্কিং ছিল ১০ নম্বরে। সেখান থেকে দলকে ৯-এ তুলে আনা অধিনায়ক মিরাজ এখন আরও বড় স্বপ্ন দেখছেন।

মেহেদী হাসান মিরাজ বলেন, “আমরা যদি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারি, আমার মনে হয় শুধু ৯ নম্বর নয়, আমরা আরও অনেক ওপরে যেতে পারি।” তাঁর মতে, সরাসরি বিশ্বকাপ খেলা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি জরুরি নিয়মিত ভালো ক্রিকেট খেলা।

চ্যালেঞ্জ ও সুযোগ

বাংলাদেশের পরবর্তী সিরিজগুলো বিশ্বের শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া (র‍্যাঙ্কিং ৩) এবং ভারত (র‍্যাঙ্কিং ১) এর বিপক্ষে। সেপ্টেম্বর পর্যন্ত এই সিরিজগুলো দেশের মাটিতে হওয়ায় বাংলাদেশের সামনে পয়েন্ট বাড়ানোর বড় সুযোগ রয়েছে। শক্তিশালী দলের বিপক্ষে হারলে পয়েন্ট খুব বেশি কমে না, কিন্তু একটি জয়ও রেটিং পয়েন্টে বড় লাফ দিতে সাহায্য করে।

আরও পড়ুন: আইসিসি দিল সুখবর, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ

ভবিষ্যৎ পরিকল্পনা ও দল গঠন

বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় আসরকে সামনে রেখে এখন থেকেই দল গোছাতে শুরু করেছেন নির্বাচকরা। গত ম্যাচে রিশাদ হোসেনের জায়গায় তানভীর হোসেনকে সুযোগ দেওয়া সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। মিরাজের মতে, প্রতিটি খেলোয়াড়কে সুযোগ দিয়ে পরখ করে নিলে বড় টুর্নামেন্টের আগে একটি আত্মবিশ্বাসী দল পাওয়া সম্ভব।