বিপিএলের দ্বাদশ আসর শুরু হওয়ার একেবারে প্রাক্কালে বড় অনিশ্চয়তা তৈরি করেছে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর আগেরদিন আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, আর্থিক সমস্যার কারণে তারা বিপিএলে অংশ নিতে পারছে না।
বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু।
হঠাৎ করে আসা এই চিঠি বিসিবিকে নতুন করে চাপে ফেলেছে। কারণ, বিপিএলের উদ্বোধন ম্যাচের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই একটি ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্ধান্ত পুরো আয়োজনকে প্রভাবিত করতে পারে। বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে দ্রুত আলোচনা শুরু হয়েছে।
বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, “আমরা সকালে চিঠি পেয়েছি, এটা নিয়েই আলাপ করতেছি সভাপতির (আমিনুল ইসলাম বুলবুল) সঙ্গে। এখন সিদ্ধান্ত তো নিতেই হবে, সব ম্যানেজ করতে বসতে হবে খেলোয়াড়দের সঙ্গে। চিঠিতে অনেক লম্বা কথা বলেছে (চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি), এর মধ্যে মূল কথা আর্থিক সমস্যা।”
চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে বিতর্ক নতুন নয়। এর আগে বিসিবি থেকে ফ্র্যাঞ্চাইজিটির কিছু সংশ্লিষ্ট ব্যক্তিকে বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। পাশাপাশি স্পন্সর প্রতিষ্ঠান নিয়েও আলোচনা চলছিল। সেই প্রক্রিয়ার মাঝেই দল প্রত্যাহারের আবেদন করে বসলেন মালিক কাইয়ুম রশিদ।
গত আসরে ক্রিকেটার ও স্টাফদের বেতন বকেয়া রাখার অভিযোগে চট্টগ্রামের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়েছিল। যদিও এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পরিবর্তন হয়। এরপরও ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির প্রাপ্য অর্থ পরিশোধ হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। বিসিবি অবশ্য শর্ত পূরণের বিষয়টি আগেই নিশ্চিত করেছিল।
এর মধ্যেই আরও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বিদেশি ক্রিকেটারদের নিয়ে। দিন দুয়েক আগে হঠাৎ করে চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি খেলোয়াড় বিপিএল থেকে নাম প্রত্যাহার করেন। তারা হলেন—পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।
জানা গেছে, পল স্টার্লিং ও নিরোশান ডিকভেলা নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় বিপিএলে খেলতে পারছেন না। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ পরিকল্পনার কারণে আবরার আহমেদের এনওসি স্থগিত করার প্রক্রিয়ায় যাচ্ছে।
ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরীণ সংকট এখানেই শেষ হয়নি। শুরুতে চট্টগ্রাম রয়্যালস প্রধান কোচ হিসেবে দেশীয় টেকনিশিয়ান মমিনুল হকের নাম ঘোষণা করেছিল। পরে সেই সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পকে প্রধান কোচ করার কথা জানানো হয়। কিন্তু বিপিএল শুরুর দুদিন আগেও তার বাংলাদেশে আসা নিয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা ওঠার কথা। সুষ্ঠু ও পেশাদার আয়োজনে নতুন আসর শুরু করার লক্ষ্য থাকলেও, শুরুর আগেই এমন পরিস্থিতি বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, নিলামে চমক দেখিয়ে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস।

