দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামছে আগামীকাল। শুক্রবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবারের আসরের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
ফাইনালের উত্তাপ যতটা মাঠে, আলোচনা তার চেয়েও বেশি মাঠের বাইরে। বিশেষ করে ২৫ লাখ টাকা ব্যয়ে তৈরি বিপিএলের ট্রফি ঘিরে কৌতূহল তুঙ্গে। এখনো পর্যন্ত ট্রফিটি জনসম্মুখে আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ফাইনালের দিনই সেই অপেক্ষার অবসান হচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে বিপিএলের ট্রফি উন্মোচন করা হবে। ফাইনাল ম্যাচ শুরুর ঠিক দুই ঘণ্টা আগে ট্রফিটি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিকল্পিতভাবেই।
বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র জানিয়েছে, ট্রফি উন্মোচনকে ঘিরে থাকছে ‘বড় চমক’। তবে সেটি কী—তা এখনই প্রকাশ করতে রাজি নয় বিসিবি। আয়োজকরা বিষয়টি গোপন রেখেছেন শেষ মুহূর্তের আকর্ষণ হিসেবে।
জমকালো অনুষ্ঠান নয়, সীমিত আয়োজন
আগের আসরগুলোর মতো আলাদা কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন এবার থাকছে না। ফাইনাল ম্যাচের আগে বা মাঝখানে কোনো পারফরম্যান্স আয়োজন করা হচ্ছে না বলে জানা গেছে।
তবে পুরোপুরি নিরানন্দও নয় ফাইনাল। ম্যাচ শেষে থাকছে আতশবাজি ও লেজার শো। বিসিবির পরিকল্পনায়, শিরোপা নির্ধারণের পরপরই আলো-আঁধারির খেলায় রাঙানো হবে মিরপুরের আকাশ।
ফাইনালে যেভাবে এলো দুই দল
মাঠের লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালস প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে সরাসরি ফাইনালে ওঠে তারা।
অন্যদিকে রাজশাহীকে ফাইনালে পৌঁছাতে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। এলিমিনেটরে রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে সিলেট। এরপর সেই কোয়ালিফায়ারে সিলেটকে পরাজিত করেই ফাইনালের দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।
সব মিলিয়ে, বিপিএলের এবারের আসরের শেষ দিনে উত্তেজনার কমতি নেই। মাঠে শিরোপার লড়াই, মাঠের বাইরে ২৫ লাখ টাকার ট্রফি ও বিসিবির গোপন চমক—সব মিলিয়ে শুক্রবারের ফাইনাল ঘিরে কৌতূহল বাড়ছেই।

