ব্রাজিল-আর্জেন্টিনার ক্রিকেট ম্যাচ

অনেকেই শিরোনাম দেখে বিভ্রান্ত হতে পারেন। ভাবতে পারেন, ফুটবলের কথা বলতে গিয়ে হয়তো ক্রিকেটের কথা লিখা হয়েছে। কিংবা অন্য কোনো দেশের কথা লিখতে গিয়ে ব্রাজিল-আর্জেন্টিনাকে টেনে আনা হয়েছে।

আসলে না! পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে, এবং সেই সিরিজে খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনাই।

অনেকের কাছে অজানা হলেও, ফুটবলের জনপ্রিয় দুই দেশ কিন্তু ক্রিকেটও খেলে। যদিও বৈশ্বিক মঞ্চে তাদের তেমন সাফল্য নেই। ফলে তাদের ক্রিকেট খেলার কথা খুব বেশি লোক জানেন না।

আইসিসি জানিয়েছে, ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে স্থানীয় সময় ২৯ নভেম্বর দুপুর ১২টায়। একইদিন সন্ধ্যায় হবে দ্বিতীয় ম্যাচ।

সিরিজটি খেলতে আর্জেন্টিনায় যাচ্ছে ব্রাজিল ক্রিকেট টিম।

সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচ ৩০ নভেম্বর। ওই একই সময়ে হবে ম্যাচ দুটি।

১ ডিসেম্বর হবে সিরিজের পঞ্চম ম্যাচ।

এর আগে দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। তাতে শতভাগ জয় লিওনেল মেসির দেশের।

ইতালি ফুটবলের জন্য বেশি পরিচিত। তাদের ক্রিকেট টিমও এখন আলোচনায় ওঠে এসেছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ইতালি।

এই পথ ধরে আগামীতে ব্রাজিল-আর্জেন্টিনাকেও হয়তো ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে।