বিপিএল ট্রফি

আচমকা খবরটা এলো। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যেই এলো সেই খবর।

খবর হচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগের নির্ধারিত সময়ে হচ্ছে না! পিছিয়ে যাচ্ছে প্রতীক্ষিত এই টুর্নামেন্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, আগামী ১৭ ডিসেম্বর ঢাকার মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে খেলা। উদ্বোধনী পর্ব হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

তবে এখন বিসিবি বলছে, ওই সূচি আর ঠিক থাকছে না। এর কারণ নাকি, দলগুলোকে ব্যাট, প্যাড ইত্যাদি কিনতে পর্যাপ্ত সময় দেওয়া!

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াৎ হোসেন বলেছেন, “ব্যাট-প্যাডসহ ক্রিকেটের অনেক সরঞ্জাম কেনারও ব্যাপার থাকে। এসবের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যেন পর্যাপ্ত সময় পায়, সে জন্য আমরা এক সপ্তাহ বাড়তি সময় দিতে চেয়েছি।”

উদ্বোধনী অনুষ্ঠান ও মাঠের খেলা শুরুর সময় পিছিয়ে গেলেও বিপিএলের নিলাম সঠিক সময়েই হবে বলে জানিয়েছে বিসিবি। নিলামের জন্য ৩০ নভেম্বর সময় নির্ধারিত।

এর আগে নিলামের সময়ও পেছানো হয়েছিল।