শেষপর্যন্ত শঙ্কাটাই বাস্তব হয়ে ধরা দিল। ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইস। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
গত শনিবার ইমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। ২-০ গোলে জয় তুলে নেয় তারা। সেই ম্যাচের ৬৪তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল।
তখনই শঙ্কা জেগেছিল। এরপর পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, তার ডান ঊরুর পেশিতে চোট লেগেছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, চোটের কারণে ছিটকে গেছেন গ্যাব্রিয়েল। ফলে মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তাকে পাওয়া যাচ্ছে না। তার বদলি হিসেবে কাউকে দলে ডাকা হবে না।
তবে গ্যাব্রিয়েলকে কতোদিন মাঠের বাইরে থাকতে হবে, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি ব্রাজিল ফেডারেশন।
গ্যাব্রিয়েলের এই চোট তার ক্লাব আর্সেনালের জন্যও দুশ্চিন্তার। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ক্লাব ফুটবলের শুরুর দিকে তাকে দলে পাওয়া না যেতে পারে।
আর্সেনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ গ্যাব্রিয়েল। রক্ষণভাগের বড় ভরসা তিনি। এবারের প্রিমিয়ার লিগে দলটি ১১ ম্যাচে কেবল ৫ গোল হজম করেছে। রক্ষণে এতোটাই দৃঢ়তা দেখাচ্ছেন গ্যাব্রিয়েল।
প্রিমিয়ার লিগে আগামী রোববার টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে আর্সেনাল। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ আছে তাদের।

