ইডেন গার্ডেনসে প্রায় ছয় বছর পর ফিরলো টেস্ট ক্রিকেট। আর প্রত্যাবর্তনটা কী দারুণভাবেই না রাঙালো ভারত!
ফুল প্যাকড স্টেডিয়ামের মঞ্চে যেন নায়ক হয়ে ওঠলেন জাসপ্রিত বুমরাহ। কুলদীপ, মোহাম্মদ সিরাজরাও সঙ্গ দিলেন দারুণভাবে। তাতেই সফকারী দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৯ রানে গুটিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া।
দিনশেষে ১ উইকেটে ৩৭ রান নিয়ে ইডেন টেস্টে চালকের আসনে বসে গেছে শুবমান গিলের দল।
সর্বশেষ ২০১৯ সালে ইডেন গার্ডেনসে টেস্ট ম্যাচ হয়। সেবার গোলাপি বলে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল ভারত। গোলাপি বলে উভয় দলের প্রথম টেস্ট ছিল সেটি।
তবে এবার গোলাপি নয়, লাল বলের টেস্টই হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। শুরুটা ভালোই করেন দুই ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। তারা ৫৭ রান যোগ করে ভারতীয় পেসারদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছিলেন।
কিন্তু রিকেলটন ফিরে যেতেই যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে আফ্রিকানদের ব্যাটিং লাইনআপ। একাদশ ওভারের তৃতীয় বলে রিকেলটনকে (২৩) বোল্ড করে ওপেনিং জুটি ভাঙেন জাসপ্রিত বুমরাহ। নিজের পরের ওভারে এসে ফিরিয়ে দেন মার্করামকেও (৩১)।
মধ্যখানে জোড়া আঘাত হানেন লেগ স্পিনার কুলদীপ যাদব। ওয়ান মুলডার (২৪) ও অধিনায়ক টেম্বা বাভুমাকে (৩) ফিরিয়ে দেন তিনি। ভেঙে যায় সফরকারীদের মিডল অর্ডার।
১২০ রানে ৫ উইকেট হারানোর পর বাকি কাজটা সারেন বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। বুমরাহ টনি ডি জর্জিকে (২৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের ৫ উইকেটের কোটা পূরণ করেন। কাইল ভেরানে (১৬) ও ত্রিস্টান স্টাবস (১৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মোহাম্মদ সিরাজের জোড়া আঘাতে তা ভেস্তে যায়।
শেষ পর্যন্ত ৫৫ ওভারে ১৫৯ রানেই আটকে পড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস। বুমরাহ ২৭ রান খরচায় ৫টি উইকেট নেন। কুলদীপ ও সিরাজ নেন ২টি করে উইকেট।
ব্যাটিংয়ে নেমে ভারত শুরুতে ধাক্কা খায়। ১২ রান করা যশস্বী জসওয়াল মার্কো জ্যানসেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। কেএল রাহুল (১৩) ও নাইটওয়াচম্যান ওয়াশিংটন সুন্দর (৬) এরপর বিপদ বাড়াননি।
ভারত দ্বিতীয় দিন শুরু করবে ১২২ রানে পিছিয়ে থেকে।

