বাংলাদেশের পেস বোলিং ইউনিটের ‘গতিদানব’ বলা যেতে পারে নাহিদ রানাকে। জাতীয় দলে থাকা পেসারদের মধ্যে সবচেয়ে জোরে বল তো তিনিই করেন!

ঐতিহ্যগতভাবে বাংলাদেশের পিচগুলো স্পিনবান্ধব হয়ে থাকে। এখানে স্পিনারদের আধিপত্য বেশি। এরমধ্যেও নাহিদ রানার মতো তরুণ পেসারদের ওঠে আসাকে দারুণ কিছু বলেই মনে করছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে আইরিশরা হেরেছে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। প্রায় সাড়ে তিনদিনে ম্যাচ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচ শেষে আইরিশ অধিনায়ক বাংলাদেশের পেস বোলিং, বিশেষ করে নাহিদ রানার প্রশংসা করতে কার্পণ্য করেননি।

অ্যান্ড্রু বালবির্নি বলেন, ‘আমরা ২০২৩ সালে যখন এখানে ছিলাম, তখন এর একটা আভাস পেয়েছিলাম। তাদের এবাদত, শরিফুলের মতো বোলার ছিল, এবং টেস্ট ম্যাচে আমরা খালেদকে দেখেছি। তাই অনেক সিম বোলার উঠে আসছে যাদের সম্পর্কে আমরা জানি।’

বাংলাদেশের স্পিন পিচের কন্ডিশন মাথায় রেখে বালবির্নি বলেন, ‘আমি নিশ্চিত নই যে তারা (পেসার) এই ধরনের উইকেটে সবসময় বল করতে কতটা পছন্দ করবে।’

গেল বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে পেসবান্ধব উইকেটে গতির ঝড় তুলতে দেখা গেছে নাহিদ রানাকে।

সে প্রসঙ্গ টেনে আয়ারল্যান্ড অধিনায়ক বললেন, ‘রানাকে ক্যারিবিয়ানে এবং এমন উইকেটে যেখানে সে সুবিধা পায়, বল করতে দেখার পর আমার মনে হয়েছে সে বেশ ভয়ঙ্কর হয়ে উঠবে। তার মধ্যে স্পষ্টভাবে সব গুণাবলী রয়েছে। সে জোরে দৌড়ে এসে বল করে, এবং এটা বাংলাদেশের জন্য অবশ্যই দারুণ ব্যাপার। ঐতিহাসিকভাবে বাংলাদেশ সবসময়ই উচ্চমানের স্পিনারদের জন্য পরিচিত, কিন্তু আপনার হাতে এমন কিছু থাকাটা খুবই ভালো ব্যাপার, আমি মনে করি এবং আমি মনে করি যদি সে যদি ভালো করে যেতে থাকে, তাহলে বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার হবে।’