বাংলাদেশ হকিতে স্পন্সর চুক্তি অনুষ্ঠান।হকিতে এসেছে কোটি টাকার স্পন্সর।

জাকার্তায় এশিয়ান গেমস বাছাইয়ে রানার্সআপ হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণ নিশ্চিত করার এই আনন্দের মাঝেই দেশের হকিতে এলো বড় এক সুসংবাদ। আসন্ন অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনকে এক কোটি টাকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইপিলিয়ন গ্রুপ।

বাংলাদেশ নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৮ হকি দলের জাপান সফরের সঙ্গী হচ্ছে ইপিলিয়ন গ্রুপ। রোববার (৩ মে) বিকেলে হকি ফেডারেশন ও ইপিলিয়ন গ্রুপের মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

জাপানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশগ্রহণের খরচ বাবদ ফেডারেশনকে এক কোটি টাকা প্রদান করবে এই স্বনামধন্য শিল্প গ্রুপটি।

জাপানের পথে লাল-সবুজের দল

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মে নারী ও পুরুষ—উভয় দল জাপানের উদ্দেশ্যে রওনা হবে।

এই টুর্নামেন্টের মোট ব্যয়ের প্রায় ৪৫ শতাংশ ইপিলিয়ন গ্রুপের স্পন্সরশিপ থেকে মেটানো হবে, বাকিটা ফেডারেশন নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করবে।

আরও পড়ুন:
তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ: স্বস্তির জয়ে শেষ ‘মিশন ব্যাংকক’

ভিত্তি তৈরির কারিগর ইপিলিয়ন

তৃণমূলে খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়েই হকিতে সম্পৃক্ত হয়েছে ইপিলিয়ন। গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাদেকুজ্জামান খান বলেন, “আমরা খেলোয়াড়দের ভিত তৈরি করতে চাই। আজ যারা অনূর্ধ্ব-১৮ দলে খেলছে, তারাই ভবিষ্যতে জাতীয় দলের হাল ধরবে।”

“ইপিলিয়ন গ্রুপ বরাবরই খেলাধুলার উন্নয়নে কাজ করে, যার ধারাবাহিকতায় এবার আমরা হকির উন্নয়ন পার্টনার হিসেবে যুক্ত হয়েছি।”

পুরুষ হকির সঙ্গী হওয়ার আহ্বান

বর্তমানে বাংলাদেশ নারী হকির উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক। তাই ফেডারেশন থেকে ইপিলিয়ন গ্রুপকে মূলত পুরুষ হকির উন্নয়নে সহযোগী হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ইপিলিয়ন গ্রুপের কর্ণধার রিয়াজউদ্দিন আল মামুন বিশিষ্ট ক্রীড়া সংগঠক। এর আগে ২০১৫ সালে তাঁর প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট থেকে উঠে আসা ফুটবলাররাই সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশের গৌরব বাড়িয়েছিল।

আরও পড়ুন:
গোলকিপার বিপ্লবের বীরত্ব: হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ