২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জুন কার্ডিফে। আর ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৯ জুলাই। টুর্নামেন্টটির আয়োজক ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বুধবার লন্ডনে ২০২৮ সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধনে বিষয়টি নিশ্চিত করেছে।

ইউরোতে ২৪টি দল খেলে। মোট ম্যাচ হবে ৫১টি। এ টুর্নামেন্ট ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডজুড়ে মোট ৮টি শহরের ৯টি ভেন্যুতে আয়োজন করা হবে।

শুধু ফাইনাল নয়, সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচও ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজন করা হবে। কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচগুলো হবে ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফে। শেষ ষোলোর খেলাগুলো ওয়েম্বলি ছাড়া বাকি সব ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

১৯৯৬ ইউরোর সেমিফাইনাল, ফাইনাল এবং ২০২০ ইউরোর ফাইনাল ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

আগে আয়োজক দেশগুলো সরাসরি ইউরো খেলার সুযোগ পেত। এবার তা হচ্ছে না। বাছাইপর্ব পেরিয়ে তাদেরকে আসতে হবে। ২০২৮ এর আয়োজক চারটি দেশকে চারটি ভিন্ন গ্রুপে রাখা হবে। যারা সরাসরি উত্তীর্ণ হতে পারবে না, সেসব দেশের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কধারী দুটি দেশকে খেলার সুযোগ দেওয়া হবে।

আয়োজক দেশগুলোর মধ্যে টুর্নামেন্টে যারা খেলার যোগ্যতা অর্জন করবে, তারা গ্রুপ পর্বের ম্যাচগুলো নিজেদের ঘরের মাঠে খেলতে পারবে।

উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন এক বিবৃতিতে বলেন, ‘২০২৮ ইউরোয় আমরা সবাই জোরালো, স্পষ্ট ও ঐক্যবদ্ধভাবে ফুটবলের ভাষায় কথা বলব। আয়োজক দেশগুলো যেখানে খেলাটির জন্ম, তারা ঐতিহ্যবাহী স্টেডিয়ামগুলোয় লাখো সমর্থককে স্বাগত জানানোর অপেক্ষায়। ফাইনালের জন্য সুবিধাজনক সময়সহ ম্যাচ আয়োজনের ধরনে থাকছে নতুনত্ব। দর্শকের অভিজ্ঞতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’

টুর্নামেন্টের জন্য যুক্তরাজ্য, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড সরকার যৌথভাবে ৭৪০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের লক্ষ্য, ‘আয়োজনটি নিরাপদ ও সুরক্ষিত হয়’ এবং বিশ্বমানের অভিজ্ঞতা পান দর্শক-সমর্থকেরা।

কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়াম, ডাবলিনের আভিভা স্টেডিয়াম, গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক ও ওয়েম্বলিতে। ১৯৯৬ ইউরোর সেমিফাইনাল, ফাইনাল ও ২০২০ ইউরোর ফাইনাল ওয়েম্বলিতে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, টুর্নামেন্টের বাছাইপর্বের ড্র হবে ২০২৬ সালের ৬ ডিসেম্বর।