ব্রাজিল ও ফ্রান্স প্রীতি ম্যাচ খেলবে

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এই ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের মাটিতে।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে এই ম্যাচটি খেলবে উভয় দল। শুধু তা-ই নয়, ফ্রান্স আরেকটি প্রীতি ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো এই তথ্য জানিয়েছেন। তবে সবকিছু চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন তিনি।

দিয়ালো বলেন, “এখনও চূড়ান্ত হয়নি, তবে আমরা উন্নত পর্যায়ের আলোচনায় আছি। মার্চে আমেরিকার বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এটি উপযুক্ত সময়, কারণ বিশ্বকাপও সেখানেই অনুষ্ঠিত হবে।”

তাসকিনের জায়গায় সাইফউদ্দিন

গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স ২৩ মার্চ ফ্লোরিডায় খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে। এরপর ৩১ মার্চ তারা বোস্টনে খেলবে ব্রাজিলের বিপক্ষে।

ফ্রান্স সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে খেলেছিল ২০১৫ সালের মার্চে। ব্রাজিল ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল ফরাসিদের।

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র হবে আগামী ৫ ডিসেম্বর। ব্রাজিল ও ফ্রান্স শীর্ষ পটে থাকায় গ্রুপের লড়াইয়ে তারা একই গ্রুপে পড়বে না। তবে কলম্বিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে ফ্রান্স।

বিশ্বকাপের জন্য মে মাসে ফ্রান্স স্কোয়াড ঘোষণা করবেন কোচ দিদিয়ের দেশম। এরপর জুনের শুরুতে ফ্রান্স আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে।

ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জানিয়েছেন, কোচ দিদিয়ের দেশমের কোচিং স্টাফ শিগগিরই যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের সম্ভাব্য ট্রেনিং ভেন্যু পরিদর্শন করবেন।

তিনি বলেন, “(বিশ্বকাপের) ড্রয়ের পর আমরা শুধু প্রতিপক্ষই নয়, কোথায় খেলব সেটিও জানতে পারবো। আগেভাগে কাজ শুরু করলে দ্রুতই আমাদের বেস নির্ধারণ করা সম্ভব হবে।”