hamza chowdhury and shamit shomeবাংলাদেশ ফুটবলের তারকা হামজা চৌধুরী ও শামিত সোম।

বাংলাদেশের সামনে দুটি ম্যাচ। প্রতিপক্ষ ভারত ও নেপাল। এ দুই ম্যাচ খেলতে ঢাকায় আসছেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। একদিন পর আসছেন শমিত সোমও।

আগামীকাল সোমবার দুপুরে হামজা ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খান।

আগামী ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঢাকায় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলো সামনে রেখেই আগামীকাল দুপুরে ঢাকায় আসছেন হামজা চৌধুরী ও শমিত সোম।

টিম ম্যানেজার আমের খান বলেন, ‘হামজা সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছাবে। শমিত সোম আসবে মঙ্গলবার (১১ তারিখ) রাত ১২টার দিকে। নেপাল ম্যাচে হামজা খেলবে কি না, সেটা পুরোপুরি কোচের সিদ্ধান্ত।’

গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ের ম্যাচেই এশিয়ান কাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে দুটিতে ড্র, দুটিতে হার হাভিয়ের কাবরেরার দলের।

প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল–সবুজ জার্সিতে অভিষিক্ত হন। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে পাঁচ ম্যাচ খেলে দুই গোল করেছেন, আর সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি।

কানাডার লিগে খেলা শমিত সোম বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন গেল ১০ জুন, ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে।