দুর্দান্ত ফর্মে আছেন আর্লিং হল্যান্ড। ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার মাঠে নামছেন, গোল করছেন, উড়ছেন। এই ফর্ম উপভোগ করছেন নরওয়ের এই তারকা। ক্যারিয়ারে এই মুহুর্তে যা করছেন, তাতে এতো ভালো আর কখনো অনুভব করেননি।

আর্লিং হল্যান্ড ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে মাত্র ১৭ ম‍্যাচেই করেছেন ২৭ গোল! ২৫ বছর বয়সী এই ফুটবলার ২০২২ সালে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২ গোল করেছেন হলান্ড।

এবারের মৌসুমের দারুণ শুরু নিয়ে উচ্ছ্বসিত হল্যান্ড বলেন, ‘এটা ভালো শুরু, আর আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে, এটাই আমার সেরা রূপ। এর আগে কখনও এতটা ভালো লাগেনি। শাণিত থাকতে হলে আমার মানসিকভাবে ইতিবাচক থাকতে হবে, ভালোভাবে রিকভার করতে হবে, ভালোভাবে বিশ্রাম নিতে হবে, অনেকবার চিকিৎসা নিতে হবে, সঠিক খাবার খেতে হবে।’

‘বিষয়টা হলো মনোযোগী থাকা এবং ওই ভারসাম‍্যটা রাখা। প্রাণশক্তি একই স্তরে রাখা, অনুপ্রাণিত থাকা এবং নিজের শরীর ও মতিষ্কের জন‍্য যে কাজগুলো ভালো সেগুলো করাটাই মূল বিষয়।’

প্রিমিয়ার লিগে আগামী রোববার শিরোপাধারী লিভারপুলের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। এটি হবে স্প‍্যানিশ কোচ পেপ গুয়ার্দিওলার ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ। হল্যান্ড বলছেন, এই কোচের ছোঁয়ায় তিনি নিজে আরও পরিণত হয়েছেন।

হল্যান্ড বলেন, ‘সিটিতে আসার পর থেকেই তিনি গুয়ার্দিওলা আমাকে মুভমেন্ট নিয়ে সাহায‍্য করেছেন। আমাকে এমন পরিস্থিতিতে নিয়ে এসেছেন যেখানে আমি গোল করতে পারি। তিনি পেপ গুয়ার্দিওলা…. তিনি একজন জিনিয়াস। এখন পর্যন্ত তার সঙ্গে যাত্রাটা অসাধারণ। তার এত কিছু জেতার কারণ আছে, সেটা তার নিবেদন ও কঠোর পরিশ্রম।’

প্রিমিয়ার লিগে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে ম্যানসিটি। ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে তিনি।

ফলে রোববারের ম্যাচটি লিভারপুল-ম্যানসিটি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ।