নেইমার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ফিটনেসে সমস্যা, জায়গা হচ্ছে না জাতীয় দলে। এর মধ্যে নতুন আরেক চোট। সেই চোটের অস্ত্রোপচার হচ্ছে বেলো হরিজন্তেতে। এর আগে নেইমারের কণ্ঠে তীব্র আত্মবিশ্বাসের সুরই শোনা গেল। দিলেন বিশ্বকাপ জয়ের প্রতিশ্রুতিও।
গেল মাসের শেষ দিকে বাঁ হাঁটুতে চোট পান নেইমার। এই মেনিসকাস চোট নিয়ে প্রায় মাসখানেক ধরেই ভোগছেন তিনি। তবে এই চোট নিয়েই সান্তোসকে রেলিগেশনের খড়্গ থেকে বাঁচাতে মাঠে নেমেছেন টানা তিন ম্যাচে। খেলেছেনও দুর্দান্ত; গোল করেছেন, গোল করিয়েছেন। ফলে রেলিগেশন থেকে রক্ষা পেয়েছে ব্রাজিলের জনপ্রিয় ক্লাব সান্তোস।
নেইমার এখন মিনাস গেরাইসের রাজধানী শহর বেলো হরিজন্তেতে। সেখানেই হচ্ছে তার হাঁটুর অস্ত্রোপচার। ব্রাজিল জাতীয় দল ও আতলেতিকো মিনেইরোর চিকিৎসক রদ্রিগো লাসমার আছেন সার্জারির দায়িত্বে। আর পুরো বিষয়টিতে তীক্ষ্ণ নজর রাখছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
এই অস্ত্রোপচারের আগে এক সংগীতানুষ্ঠানে গিয়েছিলেন ব্রাজিলের সেনসেশন নেইমার। সঙ্গে ছিলেন প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিক। সেখানেই বিশ্বকাপ নিয়ে কথা বলেন সাবেক বার্সা তারকা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র বরাতে জানা গেছে, সেখানে নেইমার বলেন, “ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে যা যা সম্ভব, আমরা সবই করব। এমনকি অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করবো। না হলে জুলাইতে (বিশ্বকাপের পর) আপনারা এ নিয়ে আমাকে ধরবেন। আনচেলত্তি, আমাদের একটু সাহায্য করুন….ফাইনালে উঠতে পারলে কথা দিচ্ছি গোল করবই!”
ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে নেইমারকে এখনও ডাকেননি তিনি। নেইমার যদি পূর্ণ ফিট হতে পারেন, ফর্মে থাকেন, তবেই হয়তো জাতীয় দলে ফেরা হবে।
সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হলুদ জার্সি গায়ে ছাপিয়েছিলেন নেইমার। সেই ম্যাচেই চোট পেয়েছিলেন। এখনও চলছে চোটের সঙ্গে লুকোচুরি!
সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর অবধি। তবে ঘরের ছেলেকে ছাড়তে চায় না তারা। তাই সম্ভাবনা আছে নতুন চুক্তির।
নেইমারের অস্ত্রোপচার সফল হলে, সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শুরুর দিকে মাঠে নামতে পারবেন তিনি। ৩৩ বছর বয়সী তারকা এরপর কার্লো আনচেলত্তির মন জয় করতে পারবেন কিনা, তা সময়ই বলে দেবে।
ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে জুনে। ভেন্যু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এর আগে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। এর আগে পূর্ণ ফিটনেস পেয়ে দলে জায়গা পান কিনা, সেটাই এখন দেখার।

