চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট হবে অ্যাডিলেডে। এই টেস্ট দিয়ে দলে ফিরতে পারেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ফিরলেও আরেক পেসার জশ হ্যাজলউডের ফেরা হচ্ছে না। তার অ্যাশেজই শেষ হয়ে গেছে পায়ের চোটে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন হ্যাজলউড। বিশ্বকাপের আগেই তিনি পুরো ফিট হয়ে ওঠতে পারেন। হ্যামস্ট্রিংয়ের চোটের পর পায়ের অ্যাকিলিস সমস্যায় ভুগছেন এই পেসার।
প্যাট কামিন্স হাড়ের চোটের কারণে গেল জুলাই থেকে মাঠের বাইরে। এবার তিনি ফেরার পথে।
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, “কামিন্সের শরীর পুরোপুরি প্রস্তুত। আগামী সপ্তাহ পর্যন্ত অপ্রত্যাশিত কিছু না ঘটলে আশা করি প্যাটই ব্লেজার গায়ে চাপিয়ে টস করবে (অ্যাডিলেডে)।”
হ্যাজলউড প্রসঙ্গে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে জশ অ্যাশেজে আর থাকবে না। তার জন্য সত্যিই হতাশাজনক। এমন ধাক্কা খেতে হবে তা আমরা টের পাইনি এবং আমরা ভেবেছিলাম সিরিজে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা সম্পূর্ণ আলাদা চোট। অ্যাকিলিস অঞ্চলের নিচে পায়ের পেশিতে। এখন সে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নেবে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসর।”
অ্যাডিলেডে ফিরতে পারেন ওপেনার উসমান খাজা। তবে ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে তাকে মিডল অর্ডারে ব্যাট করানোর পরিকল্পনা নিচ্ছে অস্ট্রেলিয়া।
খাজা পিঠে চোট পান। তার পরিবর্তে পার্থ ও ব্রিসবেনে অ্যাশেজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে সঙ্গ দেন ট্রাভিস হেড, ছিলেন আরেক ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। ওপেনিংয়ে বেশ ভালোই করছে এই জুটি।
এদিকে, স্পিনার নাথান লায়নকেও একাদশে দেখা যেতে পারে। এমনটাই জানিয়েছেন ম্যাকডোনাল্ড। তিনি জানান, অস্ট্রেলিয়া এখনো একাদশে নাথান লায়নের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে দেখে।
তবে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে লায়ন দলে ছিলেন না। অস্ট্রেলিয়ার সর্বশেষ তিন টেস্টের মধ্যে দুটিতেই তিনি খেলার সুযোগ পাননি। তবে টেস্ট দুটি ছিল গোলাপি বলে, দিবা-রাত্রির।
ব্রিসবেনে খেলা পেসার ব্রেন্ডন ডগেট একাদশ থেকে বাদ পড়তে পারেন। তবে আরেক পেসার মাইকেল নেসকে নিয়ে চাপে আছেন নির্বাচকরা। কারন, ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে তিনি দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট।
পার্থ ও ব্রিসবেন টেস্টে ৮ উইকেটের জয় পেয়েছে অজিরা। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-০ তে এগিয়ে তারা।

