bangladesh vs scotland cricfoot24বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচের একটি দৃশ্য। ফাইল ছবি

আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনা তুঙ্গে। রাজনৈতিক বাস্তবতায় ভারত সফরে অনিচ্ছার কথা আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই সিদ্ধান্ত ঘিরেই নতুন করে ছড়িয়েছে নানা জল্পনা—বিশ্বকাপে বাংলাদেশ না খেললে কি বদলি হিসেবে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড?

তবে এই প্রশ্নের উত্তরে আপাতত স্পষ্ট অবস্থানই মিলেছে। স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আলোচনা করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইসিসিকে জানানো হয়েছে, রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত গিয়ে খেলতে চায় না বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে ম্যাচগুলো অন্য কোথাও আয়োজনের অনুরোধ করেছে বিসিবি। এই অবস্থায় যদি বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি, তাহলে র‍্যাঙ্কিংয়ের বিচারে পরের দল হিসেবে আলোচনায় আসে স্কটল্যান্ডের নাম। কারণ, চলতি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে (১৪তম) বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে তারা।

তবে বিবিসি স্পোর্ট-এর এক প্রতিবেদনে ওঠে এসেছে, স্কটিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আইসিসির পক্ষ থেকে এখনো কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। এমনকি তারা নিজেরাও বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা শুরু করতে চান না। বিসিবির প্রতি সম্মান দেখিয়েই এই অবস্থান—এমনটাই জানানো হয়েছে।

বদলি দল নির্ধারণে জটিলতা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন এখন আর আগের মতো সরল নয়। ২০২৪ সাল থেকে টুর্নামেন্টের দলসংখ্যা বেড়ে ২০ হওয়ায় বাছাইপর্ব হয়েছে আঞ্চলিক ভিত্তিতে। ফলে কোনো দল সরে দাঁড়ালে ঠিক কোন দল সুযোগ পাবে—সে বিষয়ে আইসিসির নির্দিষ্ট কোনো স্বয়ংক্রিয় নিয়ম নেই। সিদ্ধান্তটি হতে পারে পুরোপুরি সংস্থার বিবেচনাধীন।

এর আগে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজনৈতিক কারণে সরে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে। তখন প্রাক-বাছাইয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছিল। তবে বর্তমান কাঠামোয় সেই উদাহরণ সরাসরি প্রযোজ্য নয়।

এদিকে স্কটল্যান্ড দল নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে নির্ধারিত সূচি অনুযায়ী। মার্চে নামিবিয়া ও ওমানের সঙ্গে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলতে তারা প্রস্তুতি নিচ্ছে। বিশ্বকাপ প্রসঙ্গ এখনো আনুষ্ঠানিক আলোচনার বাইরে।

অন্যদিকে, আইসিসি চাইলে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের তুলনামূলক কম স্পর্শকাতর ভেন্যুতে বা সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার পথও খোলা আছে। এমনকি একটি পর্যায়ে বাংলাদেশের অনুরোধে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের বিষয়েও আলোচনা হয়েছিল—এমন খবর প্রকাশিত হয়। তবে ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, তাদের সূচিতে কোনো পরিবর্তনের কথা এখনো জানানো হয়নি।

সব মিলিয়ে, বাংলাদেশকে ঘিরে বিশ্বকাপের অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে একটি বিষয় পরিষ্কার—বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলাপ শুরুই হয়নি আইসিসির।