দফায় দফায় ভুল তথ্য, বিভ্রান্তিতে ক্রিকেটপ্রেমীরা
টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশকে নিয়ে ভারতীয় কয়েকটি শীর্ষ ক্রিকেটভিত্তিক গণমাধ্যমে আবারও এমন কিছু তথ্য ছড়ানো হয়েছে, যার সঙ্গে বাস্তব অবস্থার মিল নেই। কখনো বলা হচ্ছে আইসিসি ডেডলাইন বেঁধে দিয়েছে, কখনো আবার দাবি করা হচ্ছে—বাংলাদেশ সিদ্ধান্ত না বদলালে বিশ্বকাপ আয়োজনই হবে তাদের ছাড়া। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, এসব তথ্য পুরোপুরি বিভ্রান্তিকর।
সর্বশেষ আলোচনার সূত্রপাত ইএসপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়, টি–টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু ইস্যুতে বিসিবিকে ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। সময়ের মধ্যে সিদ্ধান্ত না বদলালে বাংলাদেশকে বাদ দিয়েই নাকি বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে সংস্থাটি।
কিন্তু বিসিবির বক্তব্য বলছে ভিন্ন কথা। বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন স্পষ্ট করে জানিয়েছেন, আইসিসির পক্ষ থেকে এমন কোনো ডেডলাইন বা চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হয়নি।
আজ সংবাদমাধ্যমকে আমজাদ বলেন, গত ১৭ জানুয়ারি ঢাকায় আইসিসির একজন প্রতিনিধি এসে বিসিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশ কেন ভারতের ভেন্যুতে খেলতে অপারগ, সেই অবস্থান পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং বিকল্প ভেন্যুর অনুরোধও করা হয়েছে। আইসিসির প্রতিনিধি বিষয়টি শুনে সম্মতি প্রকাশ করেছেন এবং আইসিসিতে অবহিত করার কথা বলেছেন। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা বা সিদ্ধান্তের তারিখ জানানো হয়নি।
পুরোনো ঘটনার পুনরাবৃত্তি
এই ধরনের বিভ্রান্তি নতুন নয়। চলতি মাসের শুরুতেই, ৬ জানুয়ারি, ঠিক একই রকম গুঞ্জন ছড়িয়েছিল ভারতীয় দুই জনপ্রিয় ক্রিকেটভিত্তিক মাধ্যম—ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজে। তখন বলা হয়েছিল, বাংলাদেশকে ভারতে খেলতেই হবে, নইলে পয়েন্ট কাটা যেতে পারে বা বিশ্বকাপে অংশগ্রহণই অনিশ্চিত হয়ে পড়বে।
সেই সময় বিষয়টি নিয়ে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, আইসিসির কাছ থেকে এমন কোনো চূড়ান্ত বার্তা তারা পায়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রকাশ্যে বলেছিলেন, আইসিসি কখনোই বাংলাদেশকে জোর করে ভারতে খেলতে বলেনি। বরং নিরাপত্তাজনিত উদ্বেগগুলো বিস্তারিতভাবে জানতে চেয়েছে সংস্থাটি।
বুলবুল স্পষ্ট করেছিলেন, আইসিসি এখনো বিষয়টি বিবেচনার পর্যায়েই রেখেছে। অথচ সেই প্রক্রিয়া চলাকালেই মধ্যরাতে প্রকাশিত খবরগুলো বাস্তবতার চেয়ে অনেক দূরে চলে গিয়েছিল।
আরও পড়ুন:
ক্রিকইনফোর খবর সত্য নয়: বিসিবি সভাপতি
একই ছক, একই বিভ্রান্তি
দুই ভিন্ন দিনে, দুই ভিন্ন প্রতিবেদনে একই ধরনের বার্তা—আইসিসি কঠোর অবস্থানে যাচ্ছে, বাংলাদেশ চাপে পড়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত। অথচ বিসিবির বক্তব্য ও আইসিসির সঙ্গে চলমান আলোচনার বাস্তব চিত্র সে রকম নয়।
বিসিবি জানিয়েছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের বিষয়ে তারা এখনো তাদের অবস্থানে অনড়। নিরাপত্তা নিয়ে উদ্বেগের জায়গায় তারা কোনো আপস করতে চায় না। অন্যদিকে আইসিসিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায়নি।
সব মিলিয়ে প্রশ্নটা এখন আর শুধু বিশ্বকাপে ভেন্যু নিয়ে নয়—বরং কেন বারবার একই ইস্যুতে ভারতীয় মিডিয়ার একটি অংশ থেকে অতিরঞ্জিত বা যাচাইহীন তথ্য ছড়ানো হচ্ছে, সেটাই বড় হয়ে উঠছে। আর এই মিথ্যাচারের খেসারত দিতে হচ্ছে ক্রিকেটপ্রেমী পাঠকদের—যাঁরা বারবার বিভ্রান্তির মুখে পড়ছেন।

