ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরের ফাইনাল নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (bcci)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এবারের মেগা ফাইনাল হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা সরিয়ে নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ।
কেন সরলো ফাইনাল?
আইপিএলের প্রচলিত নিয়ম অনুযায়ী, আগের মৌসুমের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই হিসেবে গত আসরের শিরোপাজয়ী বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামই ছিল নির্ধারিত ভেন্যু।
তবে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের কিছু শর্ত বোর্ডের নির্ধারিত নীতিমালা ও প্রোটোকলের সাথে সাংঘর্ষিক হওয়ায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে। এছাড়া অপারেশনাল ও লজিস্টিক কারণে প্লে-অফের ম্যাচগুলো তিনটি নির্দিষ্ট ভেন্যুতে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে তৃতীয়বারের মতো IPL ফাইনাল আয়োজন করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম। উল্লেখ্য, ২০২৫ সালেও আবহাওয়াজনিত কারণে কলকাতার ইডেন গার্ডেনস থেকে ফাইনাল সরিয়ে আহমেদাবাদে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
আইপিএলে অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে ৫ তারকা!
প্লে-অফের পূর্ণাঙ্গ সূচি
ফাইনালের ভেন্যু পরিবর্তনের পাশাপাশি প্লে-অফের পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যু প্রকাশ করেছে বিসিসিআই। এবারের প্লে-অফ ম্যাচগুলো তিনটি মাঠে অনুষ্ঠিত হবে:
প্রথম কোয়ালিফায়ার: ২৬ মে, ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়াম (পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল)।
এলিমিনেটর: ২৭ মে, চণ্ডীগড়ের মুল্লানপুর (নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম)।
দ্বিতীয় কোয়ালিফায়ার: ২৯ মে, চণ্ডীগড়ের মুল্লানপুর।
ফাইনাল: ৩১ মে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
বেঙ্গালুরুর কপাল পুড়ল
সাধারণত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফাইনালের পাশাপাশি অন্তত একটি প্লে-অফ ম্যাচ আয়োজন করার সুযোগ পায়। কিন্তু এবারের বিশেষ পরিস্থিতিতে বেঙ্গালুরু কোনো ম্যাচই পাচ্ছে না। বোর্ডের যুক্তি, স্থানীয় সংস্থাগুলো প্রোটোকল মেনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে না পারায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে হতাশ হয়েছেন আরসিবি ভক্তরা, যারা ঘরের মাঠে প্রিয় দলকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে দেখার অপেক্ষায় ছিলেন। তবে ধর্মশালা ও চণ্ডীগড়ের মতো ভেন্যুতে প্লে-অফ আয়োজন নতুন রোমাঞ্চ যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:
আইপিএলে দিল্লির ২৬৪ রান টপকে পাঞ্জাবের বিশ্ব রেকর্ড

