ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ২০২৬ শুরু হচ্ছে মার্চে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর পর্দা উঠতে যাচ্ছে আগামী ২৮ মার্চ। বিসিসিআই-এর প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৬ মার্চ টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও, অভ্যন্তরীণ সিদ্ধান্তে এটি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ক্রিকইনফোর তথ্যমতে, আগামী ৩১ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আইপিএলের ১৯তম এই আসর।

নির্বাচন ও সূচি জটিলতা

আগামী সপ্তাহে আইপিএল গভর্নিং কাউন্সিল (জিসি) পূর্ণাঙ্গ সূচি প্রকাশের বিষয়ে বৈঠকে বসবে। মূলত পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও আসামে আসন্ন বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়ায় পূর্ণাঙ্গ সূচি প্রকাশে দেরি হচ্ছে। যেহেতু চেন্নাই সুপার কিংস (CSK), কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রাজস্থান রয়্যালস (RR) এই তিন রাজ্যের মাঠগুলোকে তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে, তাই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ না জানানো পর্যন্ত সূচি দুই ধাপে প্রকাশ করার কথা ভাবছে বিসিসিআই।

আরসিবির হোম গ্রাউন্ড নিয়ে অনিশ্চয়তা

উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) খেলার কথা রয়েছে। তবে তাদের হোম গ্রাউন্ড এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হওয়া নিয়ে বড় ধরণের সংশয় তৈরি হয়েছে। গত বছর জুনে আরসিবির শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনায় কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে ক্লাবটির আলোচনা চলছে। নিরাপত্তা নিশ্চিত না হলে আরসিবি তাদের সাতটি হোম ম্যাচ বেঙ্গালুরু থেকে সরিয়ে নভি মুম্বাই, রায়পুর অথবা পুনেতে সরিয়ে নিতে পারে।

গভর্নিং কাউন্সিলের আগামী বৈঠক

জিপি বৈঠকে দুটি বড় সিদ্ধান্ত হতে পারে। প্রথমত, নির্বাচন কমিশনের তারিখ ঘোষণার জন্য অপেক্ষা করা। দ্বিতীয়ত, ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনের মতো এবারও দুই ধাপে সূচি প্রকাশ করা।

আইপিএল ভক্তরা এখন চাতক পাখির মতো তাকিয়ে আছেন আরসিবি কোথায় তাদের উদ্বোধনী ম্যাচ খেলে এবং কোহলিদের হোম গ্রাউন্ড শেষ পর্যন্ত কোথায় ঠিক হয়।