বাংলাদেশ জাতীয় মহিলা দলের সাবেক অধিনায়কের অনুরোধে সময় বেড়েছে যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটির। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
জাহানারা যৌন হয়রানির অভিযোগ তুলেছেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক-ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ তদন্তে কমিটি গঠন করে বিসিবি। ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কমিটির। কিন্তু তা হয়নি।
এ ব্যাপারে আজ বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। তারা জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ বা বক্তব্য দিতে বাড়তি সময় চেয়েছেন নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। ফলে স্বাধীন তদন্ত কমিটির কাজের সময়সীমা আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।
বিসিবি আশা করছে, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে তারা।
এর আগে জাহানারাকে স্বাধীন তদন্ত কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ জানাতে বলা হয়েছিল। তবে তিনি সময় চেয়েছেন।
জাহানারা আলমের অভিযোগ, নিউজিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ চলার সময় নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে কুপ্রস্তাব দেন। তিনি মঞ্জুর বিরুদ্ধে নানা সময়ে মানসিক নির্যাতন, যৌন হেনস্তা ও সেসব প্রস্তাবে রাজি না হওয়ায় বাজে আচরণ করার অভিযোগও তুলেছেন। নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন জাহানারা। একসময় তৌহিদ ছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসানের ব্যক্তিগত সহকারী।
এর বাইরে টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের আরও কয়েকজনের বিরুদ্ধেও অভিযোগ আছে জাহানারার।
ফ্রিল্যান্স সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে এক সাক্ষাৎকারে জাহানারা জানিয়েছেন, এসব নিয়ে নারী বিভাগের সেই সময়ের চেয়ারম্যান, বর্তমানে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শফিউল ইসলাম চৌধুরিকে কয়েক দফা জানালেও তিনি উপযুক্ত ব্যবস্থা নেননি। পাশাপাশি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে বিস্তারিত লিখিত জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান ৩২ বছর বয়সী পেসার জাহানারা।
জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি করে বিসিবি। কমিটর আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার শুক্লা বাংলাদেশ উইমেন’স স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্টও।
অভিযোগের প্রেক্ষিতে বিসিবি নারী দলের ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবুকে ওএসডি করা হয়।
জাহানারা আলম বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সফলতম পেসার তিনিই। নেতৃত্বও দিয়েছেন জাতীয় দলকে। তাকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে গত ডিসেম্বরে। এখন তিনি থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সিডনিতে ক্লাব ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং কোর্সও করছেন তিনি।

