রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেরিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি: গেটি ইমেজেস

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সূচি ছিল ঠাসা। সেই ব্যস্ততার সবচেয়ে বড় বোঝাটা বইতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকেই। সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ২৫ ম্যাচ খেলেছে রিয়াল, যার মধ্যে মাত্র একটি ম্যাচে ছিলেন না ফরাসি তারকা। বাকি সব ম্যাচেই মাঠে নেমে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। শেষ পর্যন্ত সেই অতিরিক্ত চাপই কাল হয়েছে এমবাপ্পের জন্য।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, লা লিগার সর্বশেষ কয়েকটি ম্যাচে বাঁ হাঁটুতে অস্বস্তি নিয়েই খেলছিলেন এমবাপ্পে। শুরুতে বিষয়টিকে বড় কোনো সমস্যা হিসেবে দেখেনি রিয়ালের মেডিকেল টিম। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমস্যাটা স্পষ্ট হতে থাকে। দ্রুতগতিতে দৌড়ানোর সময় গতি বাড়াতে পারছিলেন না এই ফরাসি ফরোয়ার্ড।

শেষ পর্যন্ত বুধবার তাঁর বাঁ হাঁটুতে এমআরআই করানো হয়। পরীক্ষার ফল আসার পর চোটের বিষয়টি নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের কাছে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত এমবাপ্পেকে মাঠের বাইরে রাখাই নিরাপদ।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসেস দল আজ (বুধবার) আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের ওপর পরীক্ষা-নিরীক্ষা করেছে। তাঁর বাঁ হাঁটু মচকেছে।”

ক্লাব থেকে এমবাপ্পে কতদিন মাঠের বাইরে থাকবেন, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে এমবাপ্পের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, অন্তত তিন সপ্তাহ খেলতে পারবেন না তিনি। লেকিপও একই সময়সীমার কথা জানিয়েছে। নতুন বছরের শুরুতেই এই খবর রিয়াল সমর্থকদের জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে। লা লিগাতেও তিনিই এখন পর্যন্ত সর্বাধিক গোল করা খেলোয়াড়। রিয়ালের এ মৌসুমে করা মোট ৫২ গোলের প্রায় ৫৫.৭ শতাংশই এসেছে তাঁর পা থেকে।

এই সময়ে এমবাপ্পে ছিটকে পড়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে বড় ধাক্কা খেতে পারে রিয়াল। লা লিগায় ১৮ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে জাবি আলোনসোর দল।

আগামী রোববার লা লিগায় ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে এমবাপ্পেকে পাওয়া যাবে না। ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত স্প্যানিশ সুপার কাপেও তাঁর খেলা হচ্ছে না। এরপর ১৭ জানুয়ারি লেভান্তের বিপক্ষে লা লিগার ম্যাচ এবং ২১ জানুয়ারি মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও তাঁর না খেলার সম্ভাবনাই বেশি।

রিয়াল ঠিক কোন ম্যাচে এমবাপ্পে এই চোট পেয়েছেন, তা জানায়নি। তবে লেকিপ জানিয়েছে, টানা ম্যাচ খেলার চাপেই হাঁটুর অস্বস্তি বাড়তে বাড়তে শেষ পর্যন্ত চোটে পরিণত হয়েছে।

এর আগে ২০২৫ সালটা দুর্দান্ত কেটেছিল এমবাপ্পের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ গোল করে তিনি ছুঁয়ে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদোর গড়া একটি ক্লাব রেকর্ড। পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার ১৮ মাসে এখন পর্যন্ত ৮৩ ম্যাচে ৭৩ গোল করেছেন এই ফরাসি সুপারস্টার।