মিরপুরে নাটকীয় এক দিন। শেষ বলে ছক্কা খেয়ে এলিমিনেটর থেকে বিদায় নেয় রংপুর রাইডার্স। মাঠের উত্তেজনা তখনো পুরোপুরি কাটেনি, তার মধ্যেই সংবাদ সম্মেলনে এলেন দলটির অধিনায়ক লিটন কুমার দাস। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাচ নয়—ঘুরেফিরে উঠে এল বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ।
ব্যাটিংয়ে দুরূহ উইকেটে খেলা বিশ্বকাপ প্রস্তুতির জন্য কতটা সহায়ক—এমন একটি প্রশ্ন দিয়েই শুরু। উত্তরে সরাসরি কিছু না বলে লিটনের পাল্টা প্রশ্ন, “আপনি কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি?”
এক প্রশ্নেই যেন ঘনীভূত হয়ে উঠল অনিশ্চয়তা।
এরপর আবার জানতে চাওয়া হলো—ধরে নিলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিলে, এমন উইকেটে খেলা আদর্শ প্রস্তুতি কি না? এবারও লিটনের কণ্ঠে স্পষ্ট কোনো অবস্থান নেই।
“এই প্রশ্নের আসলে কোনো উত্তর নেই। বিশ্বকাপ এখনো অনেক দূরে। আদৌ আমরা খেলব কি না, সেটাই তো পরিষ্কার নয়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা তখন বিষয়টি আর এড়িয়ে যাননি। একজন প্রশ্ন তুললেন—বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়েই যখন অনিশ্চয়তা, তখন অধিনায়ক হিসেবে লিটন নিজে কতটা জানেন?
প্রশ্ন শেষ হওয়ার আগেই লিটন আবার প্রশ্ন ছুড়ে দেন, “আপনি জানেন?” তারপর যোগ করেন, “আপনিও জানেন না, আমিও জানি না—আমরা একই জায়গায় আছি।”
রংপুরের বিপিএল অভিযান শেষ, সামনে কোনো ম্যাচ নেই—এই বাস্তবতায় সামনের কয়েক দিন কীভাবে কাটাবেন? হাস্যরস মিশিয়ে লিটনের উত্তর, “আজ থেকে তো খেলা শেষ। রুমে থাকব, বিন্দাস!”
এরপর আসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের মাটিতে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবি নিয়েছে ৪ জানুয়ারি। সেই সিদ্ধান্তের আগে বা পরে অধিনায়ক হিসেবে লিটনের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে সংক্ষিপ্ত উত্তর দেন তিনি, “না।”
এত বড় সিদ্ধান্তে অধিনায়কের মতামত নেওয়া উচিত ছিল কি না—এই প্রশ্নে লিটনের কণ্ঠ আরও নির্লিপ্ত, “জানি না। আমার সঙ্গে আলোচনা হয়নি।”
সবশেষে অবধারিত প্রশ্ন—ভারতে না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত কি না? এবার আর কোনো ব্যাখ্যা নয়, সরাসরি জবাব, “নো কমেন্টস।”
দুই দেশের রাজনৈতিক সম্পর্ক প্রসঙ্গ টেনে আরেকটি প্রশ্ন করা হলে মাঝপথেই সেটি থামিয়ে দেন লিটন। বলেন,
“আমি বুঝতে পারছি আপনি কী জানতে চাইছেন। এটা আমার জন্য নিরাপদ নয়। এর উত্তর নেই।”
মাঠের ফলাফলের চেয়েও সংবাদ সম্মেলনে লিটনের কথাবার্তাই যেন বেশি প্রশ্ন তুলে দিল—বিশ্বকাপ নিয়ে, সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে, আর অধিনায়কের অবস্থান নিয়ে।

