চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে মঙ্গলবারের এলিমিনেটর শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকেনি। ম্যাচ চলাকালেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন—প্রতিপক্ষ নিয়ে হিসাব কষার সময় তাদের নেই।
রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের দিনে ফাহিম বলেন, অন্য দল নিয়ে ভাবার সুযোগ বা প্রয়োজন—কোনোটাই নেই।
তিনি বলেন, “সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অন্যান্য কোনো ধরনের দলকে গোনার টাইম নেই। আমরা সিলেটি, আমরা একলাই একশ। সিলেটের মানুষের দোয়া, শাহজালালের মাটির মানুষ আমরা, আমরা অনেক আবেগী মানুষ। আমরা সবাই ঐক্যবদ্ধ। এবার কাপ নিয়ে আমরা সিলেটেই যাব। ২৩ তারিখে আপনাদের দাওয়াত।”
ফাহিম আল চৌধুরী আরও একধাপ এগিয়ে ফাইনাল পরিকল্পনার কথাও জানান। সিলেট টাইটান্স যদি ফাইনালে জায়গা করে নেয়, তাহলে সিলেট থেকে সমর্থকদের মিরপুর স্টেডিয়ামে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
“আমরা ইতোমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের সঙ্গে কথা বলছি। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ ফ্লাইট বুকিং করব। বাস সার্ভিসেও সিলেটবাসীকে নেব।”
Read More:
শেষ বলে ছক্কা, ইতিহাস—ওকসের এক শটে বদলে গেল বিপিএলের গল্প
এর আগে বিপিএল নিয়ে সমালোচনামূলক মন্তব্য করে আলোচনায় এসেছিলেন ফাহিম আল চৌধুরী। তিনি বলেছিলেন, বিপিএলকে ‘গোনার টাইম নাই’।
আজও বিদ্রুপাত্মক মন্তব্য করতে ছাড়েননি ফাহিম, “বিপিএল ভালোই… সব কিছু ঠিকাছে। ঠিকাছে আরকি! ওদেরকে খুশি করলাম আরকি! কিচ্ছু ঠিক নাই।”

