এমন ঘোর অমানিশা লিভারপুল বহু বহু যুগ দেখেনি। ৭১ বছরের মধ্যে সবচেয়ে বাজ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগের জায়ান্ট এই দলটি।
অথচ এবার লিগ শুরুর সময় কে ভেবেছিল এমনটা হবে! টানা সাত জয় দিয়ে মৌসুম শুরু করেছিল তারা। সেই দলটাই এখন দুর্বিপাকের মধ্যে।
সর্বশেষ কাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে পিএসভি আইন্দহফেনের কাছে ৪-১ গোলে উড়ে গেছে লিভারপুল। এ নিয়ে সকল ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হারলো মোহাম্মদ সালাহর দল!
লিভারপুলের ইতিহাসে সর্বশেষ ১৯৫৩-৫৪ মৌসুমে এমন খারাপ সময় ছিল। এরপর এবার সেই একই খারাপ সময় পার করছে তারা।
তাদের বিধ্বস্ত হওয়ার আরেকটি তথ্য দেওয়া যেতে পারে। সর্বশেষ তিন ম্যাচেই কমপক্ষে তিনটি করে গোল হজম করেছে লিভারপুল। এমন শোচনীয়তা শেষ দেখা গিয়েছিল ১৯৫৩ সালে। আর নিজেদের ঘরের মাঠ, যেটি একেবারে হাতের তালুর মতো চেনা, সেই অ্যানফিল্ডে সবশেষ দুই ম্যাচে তারা হজম করেছে ৭টি গোল!
প্রিমিয়ার লিগে এবার ১২ ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে লিভারপুল। অথচ গেলবার তারা শিরোপা জয় করেছিল।

চ্যাম্পিয়ন্স লিগের যে প্রতিপক্ষের কাছে কাল রাতে লিভারপুর বিধ্বস্ত হয়েছে, সেই ডাচ ক্লাব পিএসভি গেল ১৭ বছরে কোনো ইংলিশ ক্লাবকে হারাতে পারেনি! সর্বশেষ ২০০৮ সালে তারা টটেনহামকে ইউরোপা লিগে হারিয়েছিল। এবার সেই পিএসভি শিকার করলো অ্যানফিল্ডের ক্লাবটিকে।
শুধু তাই নয়, ইংল্যান্ডের মাটিতে ইউরোপিয়ান কোনোও প্রতিযোগিতায় এই প্রথমবার কোনোও ডাচ ক্লাব এতো বড় জয় পেল।
এবার প্রিমিয়ার লিগে তো নড়বড়ে অবস্থান, চ্যাম্পিয়ন্স লিগেও স্বস্তি নেই লিভারপুলের। লিগ পর্বে ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৯ পয়েন্ট নিয়ে তারা ১৩তম স্থানে। তাদের জন্য শেষ ষোলোয় ওঠা কঠিন হয়ে গেছে। লিগ পর্বে আটটি করে ম্যাচ শেষে যেসব দল পয়েন্টে উপরের দিকে থাকবে, তারাই শেষ ষোলোতে যাবে। লিভারপুল পারবে কিনা, তা বড্ড সংশয়ে!
বিপিএল: মুশফিক, সাকিব, সৌম্যরা যে ক্যাটাগরিতে
কেন এমন হচ্ছে, কেন এমন দুর্বিপাকে লিভারপুল?
উত্তর খোঁজে পাচ্ছেন না লিভারপুল মিডফিল্ডার কার্টিস জোনস, “সত্যি বলতে, এর উত্তর আমার কাছে নেই। এটা স্রেফ মেনে নেওয়া যায় না। ভেতরে-ভেতরে রাগের পর্যায়টাও পেরিয়ে গেছি। এমন অবস্থায় আছি যে বলার মতো আর কিছুই নেই।”
লিভারপুল কোচ আর্নে স্লট বলছেন, “(দলের বাজে পারফরম্যান্সের) এই ধারাটা সবার জন্যই ধাক্কা। খেলোয়াড় এবং আমার জন্যও। আমি সহজে বিস্মিত হই না, কিন্তু এটা খুবই অপ্রত্যাশিত। আমরা সবাই আরও ভালো করতে পারি। তবে কথাটা আমিসহ সবার জন্যই প্রযোজ্য।”

