দাবাড়ু মনন রেজা

বিশ্বকাপ দাবায় শুরুটা দারুণ করেছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা। ভারতের গোয়ায় শনিবার শুরু হওয়া প্রতিযোগিতায় নরওয়ের ২৬৩১ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারির সঙ্গে ড্র করেছেন রেজা।

২৬ বছর বয়সী আরিয়ানের বিপক্ষে সাদা ঘুঁটি নিয়ে খেলেন মনন রেজা। ৪২ চালে ড্র হয় ম্যাচটি। শেষদিকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ড্র করেন মনন।

এদিকে, বাংলাদেশের আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান বিশ্বের সাবেক দুই নম্বর দাবাড়ু ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভাসিলি ইভানচুকের কাছে হেরে গেছেন। ৫৬ বছর বয়সী ইভানচুক ২৬১৬ রেটিংধারী। ম্যাচটি ৪৩ চালে জিতে নেন তিনি। ফাহাদও খেলেন সাদা ঘুঁটি নিয়ে। কিন্তু নিজের সেরাটা দিতে পারেননি তিনি।

প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ রোববার অনুষ্ঠিত হবে। মনন যদি জিতে যান, স্বাভাবিকভাবেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছাবেন। আর দ্বিতীয় রাউন্ডে যেতে পারলে সেটি হবে তাঁর জন্য বড় সাফল্য। সেই ২০০৭ বিশ্বকাপে এনামুল হোসেন রাজীব দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। এর আগে বা পরে বাংলাদেশের আর কোনো দাবাড়ু বিশ্বকাপের প্রথম রাউন্ডের গন্ডি পেরোতে পারেননি।

তবে রোববারের ম্যাচে যদি মনন ড্র করেন, তাহলেও প্লে-অফে খেলার সুযোগ থাকবে তার। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ফাহাদের সামনে জয়ের বিকল্প নেই। হারলে তো বাদই, এমনকি ড্র করলেও চলবে না।