ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ। আজ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয় সংস্থাটির কংগ্রেস ও নির্বাচন।

নির্বাচনে বড় জয় পান কাজী রাজীব। এই প্রথম কোনো বাংলাদেশি বসলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার শীর্ষ আসনে।

সভাপতি পদে কাজী রাজীব ২৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বি দক্ষিণ কোরিয়ার থমাস হান পান ৯ ভোট।

কাজী রাজীব উদ্দীন এশিয়ান আর্চারির বিদায়ী কমিটির সহসভাপতি পদে ছিলেন। তাঁর হাত ধরেই প্রায় দুই যুগ আগে বাংলাদেশে আর্চারি খেলার যাত্রা শুরু হয়। ধীরে ধীরে বাংলাদেশের আর্চারি জায়গা করে নেয় আন্তর্জাতিক পরিমণ্ডলে।

কাজী রাজিবের উদ্যোগে এবার তৃতীয়বারের মতো ঢাকায় বসেছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর। জাতীয় স্টেডিয়ামে আজ উদ্বোধন হয়েছে ২৪তম আসরের। টুর্নামেন্টটির স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যানও তিনি।