দুর্দান্ত নৈপুণ্যে হামজা চৌধুরী বাংলাদেশকে আনন্দে ভাসাচ্ছেন। ব্যতিক্রম ছিল না কালও। জোড়া গোলে নেপালের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামকে মাতিয়ে তুলেন প্রিমিয়ার লিগের সাবেক এই ফুটবলার।

হামজা প্রায় ৪ মিনিটের মধ্যে অনিন্দ্যসুন্দর দুটি গোলে বাংলাদেশকে জিতিয়েই দিচ্ছিলেন। কিন্তু তখনই অঘটনে মাঠ ছেড়ে যেতে হলো তাকে।

তাহলে হামজা ভারত ম্যাচে খেলতে পারবেন তো?

ম্যাচের ৪৬ মিনিটে জামাল ভূঁইয়ার ক্রস থেকে দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেন হামজা। মিনিট চারেকের মাথায় পেনাল্টি পায় বাংলাদেশ। এবার পানকেকা শটে গোলরক্ষককে বোকা বানিয়ে হামজা এগিয়ে দেন বাংলাদেশকে। যদিও শেষমুহূর্তের গোলে সমতা ফেরায় নেপাল।

ম্যাচের ৮০ মিনিটে হামজা মাঠ ছাড়েন। এরপর ডাগআউটে তাকে বসে থাকতে দেখা যায়, তার পায়ে লাগানো আইসপ্যাক। এতে দেখা দেয় দুশ্চিন্তা।

তবে সব সংশয় উড়িয়ে দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরার। তিনি বলেন, ‘না, (হামজার) বড় কোনো সমস্যা নেই। মাংসপেশিতে কিছুটা চোট লেগেছে। এমন কিছু হয়নি, যাতে ভারত ম্যাচ নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়।’

আগামী ১৮ নভেম্বর বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামেই মাঠে নামবে।