ইংলিশ ক্রিকেটার মঈন আলী

আবারও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। পাঁচ বছর পর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যাবে তাকে।

মঈন আলী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টাগ্রামে এক পোস্টে।

এর আগে ২০২০ সালে PSL-এ মুলতান সুলতানসের হয়ে নয়টি ম্যাচ খেলেছিলেন মঈন আলী।

ইনস্টাগ্রাম বার্তায় মঈন আলী লিখেছেন, “পিএসএলের নতুন যুগে ফিরতে পেরে আমি সত্যিই বেশ রোমাঞ্চিত। শীর্ষস্তরের লিগ হিসেবে পিএসএল বেশ সুনাম অর্জন করেছে। এখানে প্রতিটি দলে বিশ্বমানের সব ক্রিকেটার রয়েছেন। খেলায় উচ্চমানের প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে।”

“পাকিস্তানের মাটিতে খেলা আমার জন্য সব সময় অসাধারণ। সেখানকার ক্রিকেটার মান দারুণ। দর্শকদের উচ্ছ্বাস ও তীব্রতা একজন খেলোয়াড়ের সেরাটা বের করে আনতে উৎসাহ জোগায়। আরও একবার পিএসএলের অংশ হয়ে দুর্দান্ত কিছু স্মৃতি তৈরি করতে চাই। ইনশা আল্লাহ আমি আরও একটি বিশেষ অভিজ্ঞতা জন্য প্রস্তুত।”

মুলতান সুলতানসের হয়ে যেবার খেলেছিলেন, তখন ব্যাট হাতে ১৩০.১৮ স্ট্রাইকরেটে রান করেন ১৩৮, উইকেট নেন ৫টি।

মঈন আলী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিতই খেলছেন। সবশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসেও দেখা গেছে তাকে।

আইপিএলে ম্যাচ খেলেছেন ৭৩টি। ৫৯ ইনিংসে করেছেন ১১৬৭ রান। ৫৭ ইনিংসে নিয়েছেন ৪১ উইকেট।

এবার IPL খেলবেন না মঈন আলী।