সময়টা কোনোভাবেই মোহাম্মদ রিজওয়ানের পক্ষে নেই। বিগ ব্যাশ লিগ থেকে শুরু হওয়া অফ-ফর্মের ধারাবাহিকতা বজায় রয়েছে পাকিস্তান সুপার লিগেও (PSL)। তাঁর নেতৃত্বে নবাগত দল ‘রাওয়ালপিন্ডিজ’ হারের বৃত্তে বন্দি হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। নিজের পারফরম্যান্স আর দলের টানা ব্যর্থতার মুখে দাঁড়িয়ে এবার সংবাদ সম্মেলনে বোমা ফাটিয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটার।
পিএসএলে রাওয়ালপিন্ডিজ ও রিজওয়ানের বিপর্যয়
এবারের পিএসএলে রাওয়ালপিন্ডিজের অধিনায়ক হিসেবে রিজওয়ান সব দিক থেকেই ব্যর্থ। সাত ম্যাচের সবকটিতেই হেরে আগেভাগে প্লে-অফের দৌড় থেকে বিদায় নিয়েছে তাঁর দল। গত রাতে লাহোর কালান্দার্সের কাছে ৩২ রানে হারের ম্যাচেও রিজওয়ান ছিলেন ছায়াসঙ্গী।
পুরো টুর্নামেন্টে ৭ ম্যাচে মাত্র ১০৭ রান করেছেন তিনি, যেখানে গড় ১৫.২৮ এবং স্ট্রাইকরেট ১১৬.৩। অথচ নিজেকে প্রমাণ করার জন্য এই টুর্নামেন্টটি ছিল তাঁর কাছে বিশাল সুযোগ।
‘আমি যোগ্য নই’: রিজওয়ানের মন্তব্য
লাহোরের কাছে হারের পর সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসরের প্রশ্ন উঠলে রিজওয়ান কিছুটা বিরক্তি নিয়েই বলেন, “বিগ ব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন হচ্ছিল, আমি পরিষ্কার বলেছিলাম আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই।”
“আমার পারফরম্যান্স এখন সেরকম নয়। কিন্তু মনে রাখবেন, আমি সেই একই ব্যক্তি যাকে নিয়ে আপনারা একসময় বলেছিলেন যে আমি ছক্কা মারতে পারি না।”
আরও পড়ুন: ‘পাকিস্তানের মেরুদণ্ড বাবর-রিজওয়ান’
অতীত-বর্তমান বিতর্ক
২০২১ সালে টি-টোয়েন্টিতে রিজওয়ানের ব্যাট কথা বলেছিল স্বপ্নের মতো। তবে বর্তমানে তাঁর ১২৫.৩৭ স্ট্রাইকরেট নিয়ে চলছে তুমুল সমালোচনা, যা আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে মানানসই নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
তবে এখনই হাল ছাড়তে রাজি নন রিজওয়ান। অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমি সৎ থাকতে চাই। আমরাও তো মানুষ, ভুল হতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে আমি মনোবল হারিয়ে অবসর নেব। আমার ক্ষমতা থাকলে আমি নিশ্চয়ই সুযোগ পাব। আর যদি না পারি, তবে আমি অধিনায়কদের বলেছি আমার পরিবর্তে অন্য কাউকে নিতে।”
নজরে বাংলাদেশ সফর
টি-টোয়েন্টিতে ব্রাত্য হয়ে পড়লেও টেস্ট ও ওয়ানডেতে এখনো পাকিস্তানের নিয়মিত মুখ রিজওয়ান। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৫৮ রান করেছিলেন তিনি। আগামী ৩ মে ফের বাংলাদেশে পা রাখছেন রিজওয়ান।
শান মাসুদের নেতৃত্বাধীন দুই ম্যাচের টেস্ট সিরিজেও রাখা হয়েছে এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটারকে। ঢাকার মিরপুর ও সিলেটের মাঠে রিজওয়ান কি পারবেন তাঁর হারানো ফর্ম খুঁজে পেতে? উত্তর দেবে সময়।

