গেল কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং ইউনিটে যে উন্নতির গ্রাফ, তা যেকোনো ক্রিকেটপ্রেমীর জন্যই এক দারুণ দৃশ্য। পেসারদের হাত ধরে লাল-সবুজের দল এখন নিয়মিত টেস্ট ম্যাচ জয়ের স্বাদ পাচ্ছে। আর সাম্প্রতিক এই পেস বিপ্লবের পেছনে পেসারদের মধ্যকার ‘হেলদি কম্পিটিশন’ বা স্বাস্থ্যকর প্রতিযোগিতাকেই অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁর মতে, পেসারদের মধ্যে এই লড়াই যত বাড়ছে, দলের পারফরম্যান্সের ধারও তত উন্নত হচ্ছে।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই পেস অলরাউন্ডার বলেন, “আপনি যদি বিগত দুই-তিন বছরে আমাদের পেস বোলারদের সাফল্য দেখেন, সেটা অনস্বীকার্য। যদি এখনো আমাদের টেস্ট জয়ের ভূমিকা দেখেন অবশ্যই পেস বোলারদের অবদান সবচেয়ে বেশি, যেখানে আমরা আগে টেস্টগুলোতে ধুঁকে ধুঁকে সংগ্রাম করতাম।”
সতীর্থদের পরিশ্রম ও অনুপ্রেরণার গল্প
বর্তমান পেস ইউনিটের দুর্দান্ত রসায়নের প্রশংসা করতে ভুলেননি সাইফউদ্দিন। দলের সবাই এখন তিন সংস্করণেই অবদান রাখছেন।
তাঁর মতে, যখন একজন পেসার দেখছেন তাঁর সতীর্থরা দলের জন্য কতটা ঘাম ঝরাচ্ছেন, তখন নিজের পারফরম্যান্সের তাগিদও বহুগুণ বেড়ে যায়।
পেসারদের এই মানসিকতা নিয়ে সাইফউদ্দিন আরও বলেন, “এখন আমাদের নাহিদ রানা, তাসকিন ভাই, যারাই পেস ইউনিটে খেলছে ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট ক্রিকেট সবাই কমবেশি অবদান রাখছে। আর যখন পাশাপাশি দেখছে সতীর্থরা অনেক বেশি পরিশ্রম করছে, অনেক বেশি শ্রম দিচ্ছে তখন আসলে তাগিদ অনেক বেড়ে যায়। নিজেকে আরও মোটিভেট করা, আরও বেশি কাজ বাড়ানো, চেষ্টা করা। তো এটা আমাদের জন্য ভালো সাইড, বাংলাদেশ ক্রিকেটের জন্য।”
দলে এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা ধরে রেখে প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করতে তাঁরা কাজ করে যাচ্ছেন বলেও যোগ করেন তিনি।
আরও পড়ুন:
উইজডেনের বর্ষসেরা একাদশে বাংলাদেশের পেসার মোস্তাফিজ

